Top News

নিরঙ্কুশ জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি তারেক রহমান: ৩১ দফা ও জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন । শনিবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশি-বিদেশি সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, “জনগণের রায় পেলে বিএনপির রাষ্ট্র মেরামতের রূপরেখা উপস্থাপন করেছিলাম। অন্যান্য গণতান্ত্রিক দল এবং সারা দেশের জনগণের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ৩১ দফা প্রণয়ন করা হয়েছে। ৩১ দফার আলোকে দলীয় ইশতেহার ঘোষণা করা হয়েছে।”

তিনি আরও জানান, কয়েকটি বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। “আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ—প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।”

বিএনপি চেয়ারম্যান বলেন, “স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত বিএনপিকে দেশের জনগণ আবারও রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট দিয়েছেন। জনগণ যে বিশ্বাস ও ভালোবাসা দেখিয়েছেন, তার প্রতিদান দিতে জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করতে হবে।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “শত নির্যাতন-নিপীড়নের পরও আপনারা রাজপথ ছাড়েননি। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অটুট ছিলেন। এবার দেশ গড়ার পালা আমাদের।”

নির্বাচনোত্তর পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন, “যেকোনো মূল্যে অবশ্যই শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকম অন্যায় বা বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না। দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না।”

তিনি জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে সারা দেশে বিজয় মিছিল না করার নির্দেশ দেওয়া হয়েছিল। “আমরা শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপন করেছি। কোনো অপশক্তি যাতে পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “সরকারি দল বা বিরোধী দল—প্রতিটি নাগরিকের জন্য আইন সমান। জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা।”

প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকারপ্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান। তার ভাষায়, “এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় গণতন্ত্রকামী জনগণের।”

Post a Comment

নবীনতর পূর্বতন