দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারের পর ভারতের ব্যাটিং নিয়েই প্রশ্ন তুলেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তাঁর মতে, ম্যাচে ব্যাটারদের ব্যর্থতাই দলের পরাজয়ের মূল কারণ। তবে দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক এই হারকে এক দিনের খারাপ পারফরম্যান্স হিসেবেই দেখছেন এবং সরাসরি কাউকে দোষারোপ করতে নারাজ।
সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানের পরাজয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোটাক বলেন, দলের অভিজ্ঞতার অভাব বা চাপ সামলাতে না পারা—এমন কোনও বিষয়কে তিনি হারের কারণ হিসেবে দেখছেন না। তাঁর কথায়, আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএলের মতো প্রতিযোগিতায় নিয়মিত খেলার ফলে এই দলের অভিজ্ঞতার ঘাটতি নেই। বরং দিনটা ভারতের পক্ষে ছিল না বলেই এমন ফল হয়েছে।
তবে একই সঙ্গে তিনি স্বীকার করেছেন যে ব্যাটিং পারফরম্যান্স নিয়ে চিন্তার জায়গা তৈরি হয়েছে। কোটাক জানান, দলের ব্যাটিং প্রত্যাশামতো হচ্ছে না এবং কোচিং স্টাফ ও নেতৃত্ব এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি ইঙ্গিত দেন, প্রয়োজন হলে একাদশে পরিবর্তনের বিষয়ও বিবেচনা করা হতে পারে।
সহকারী কোচ রায়ান টেন ডুশখাতেও ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় জানিয়েছেন, দল নির্বাচনে কিছু সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে অলরাউন্ড বিকল্প ও মিডল অর্ডার নিয়ে আলোচনা চলছে বলে সূত্রের খবর। সঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেলের মতো ক্রিকেটারদের অন্তর্ভুক্তির সম্ভাবনাও আলোচনায় এসেছে বলে ইঙ্গিত মিলেছে।
যদিও দল পরিবর্তনের সম্ভাবনার কথা বলা হলেও প্রতিযোগিতার এই গুরুত্বপূর্ণ পর্যায়ে বড় রদবদল কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে টিম ম্যানেজমেন্টের মধ্যে। কোটাক স্পষ্ট করে বলেন, এখন সিদ্ধান্ত নিতে হবে—বর্তমান দল নিয়েই এগোনো হবে, নাকি নির্দিষ্ট জায়গায় পরিবর্তন আনা হবে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজয়ের পর ডাগআউটে বসেই কোচিং স্টাফ ও অধিনায়ক সূর্যকুমার যাদবের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। সেই বৈঠকের বিস্তারিত প্রকাশ না হলেও, বড় হারের ধাক্কায় দল যে আত্মসমালোচনায় নেমেছে, তা স্পষ্ট কোচের বক্তব্য ও দলের প্রতিক্রিয়া থেকেই।

একটি মন্তব্য পোস্ট করুন