Top News

শহীদের রক্তে রঙিন ২১ ফেব্রুয়ারি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস


ভোরের আলো ভেদ করে যখন শহীদ মিনারের সিঁড়িতে একে একে সাদা ফুল জমা হয়, তখন ইতিহাসও যেন নীরবে কথা বলে। এই দিনটা শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়—এটা রক্তে লেখা এক স্মৃতি, আত্মত্যাগের এক অমোচনীয় অধ্যায়।

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে বাংলা ভাষা আন্দোলনে শহীদদের সম্মানে নির্মিত শহীদ মিনার

ছোটো থেকেই ২১ ফেব্রুয়ারি আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছি। মাতৃভাষাকে সম্মান জানাতে প্রতিবছর এই দিনটি আমরা উদযাপন করি। ছোটো থেকেই ২১ ফেব্রুয়ারি আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছি। মাতৃভাষাকে সম্মান জানাতে প্রতিবছর এই দিনটি উদযাপন করি। আমরা জানি, এটি শহীদ দিবস। কিন্তু আমরা কজন ভেবে দেখি—কীভাবে এই দিনটি রক্তে রঙিন হয়ে উঠেছিল?

২১ ফেব্রুয়ারি সেই দিন, যখন ভাষার অধিকার রক্ষায় মানুষ রাস্তায় নেমে প্রাণ দিয়েছিলেন। সেই সংগ্রাম আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হয়। শিক্ষার্থীরা শুধু বাংলা ভাষার মর্যাদা চেয়েছিলেন। কিন্তু সেই দাবি এক সময় ভাষাগত স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে। প্রায় সাত দশক ধরে এই দিনটি আমাদের আত্মপরিচয়, সংস্কৃতি ও গর্ব নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। 

ইতিহাসের রূপান্তর: ঢাকা থেকে সমগ্র বিশ্বে মাতৃভাষার যাত্রা

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত মিছিল

এই আন্দোলনের কেন্দ্র ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান, তথা আজকের বাংলাদেশ। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টি হওয়ার পর ১৯৪৮ সালে সরকার শুধু উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার কথা ঘোষণা করে। ফলে সংখ্যাগরিষ্ঠ বাংলা ভাষা অস্তিত্ব সংকটের মুখে পড়ে। 

এই সিদ্ধান্ত পূর্ব বাংলার মানুষের মনে গভীর ক্ষোভের সৃষ্টি করে। বাংলাভাষী মানুষ সরকারের এই আকস্মিক অন্যায্য উর্দুভাষাকে প্রাধান্য দেওয়ার সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি, এবং কার্যত মানসিকভাবে তারা মোটেও প্রস্তুত ছিল না। 

ফলস্বরূপ মাতৃভাষা বাংলার সম-মর্যাদার দাবিতে পূর্ব বাংলায় আন্দোলন দ্রুত দানা বাঁধে। আন্দোলন এতটাই তীব্রতর হয় যে আন্দোলন দমনে পুলিশ ১৪৪ ধারা জারি করে। ঢাকা শহরে মিছিল, সমাবেশ ইত্যাদি সব বেআইনি ও নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। 

প্রতিবাদস্বরূপ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ মিছিল বের করেন। কিন্তু মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের সামনে পৌঁছালে পুলিশ ১৪৪ ধারা অবমাননার অজুহাতে আন্দোলনকারী ছাত্রদের ওপর গুলিবর্ষণ করে। গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ একাধিক তরুণ শহীদ হন। একাধিক মানুষ নিহত ও আহত হন।

শহীদ স্মরণে 


শোকাহত এই নির্মম ঘটনার পর আন্দোলনের আগুন আরো তীব্রতর হয়। মুহুর্তের মধ্যে সমগ্র প্রদেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ২১ ফেব্রুয়ারির ছাত্র হত্যার প্রতিবাদে সারাদেশে বিদ্রোহের আগুনে জ্বলে ওঠে। এর পর ২২শে ও ২৩শে ফেব্রুয়ারি ছাত্র, শ্রমিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক ও সাধারণ জনতা পূর্ণ হরতাল পালন করে এবং সভা-শোভাযাত্রাসহ ১৪৪ ধারা ভঙ্গ করে। কিন্তু ২২শে ফেব্রুয়ারিও আবারও গুলি চলে, আবারও ঝরে তাজা প্রাণ।

ক্রমবর্ধমান আগুনের মতো গণআন্দোলনের মুখে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয়। এর পর ১৯৫৪ সালের ৭ই মে পাকিস্তান গণপরিষদে বাংলা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে গৃহীত হয়। ১৯৫৬ সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হলে ২১৪ নং অনুচ্ছেদে বাংলা ও উর্দু উভয়কেই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয়। 

এর বহু বছর পর, ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এর পর ২০০০ সাল থেকে পৃথিবীর বহু দেশ এই দিনটি ভাষাগত বৈচিত্র্য ও সাংস্কৃতিক অধিকারের প্রতি সম্মান জানিয়ে পালন করে আসছে।

২১ ফেব্রুয়ারি দিনটি শুধু ইতিহাসের অনুষঙ্গ নয়। ২১, ফেব্রুয়ারি একটা অনুভূতি, অহংকার, দাবির এক জীবন্ত গল্প।

ভাষা শুধু বাঙালিদের নয়, ভাষা সবার

২১ ফেব্রুয়ারি এখন শুধু বাংলা ভাষাভাষীদের জন্য নয়। এটি বিশ্বের সকল মানুষের মাতৃভাষার অধিকারের প্রতীক। আজও পৃথিবীর বহু মানুষ তাদের মাতৃভাষায় শিক্ষার সুযোগ পায় না। তাই এই দিন আমাদের মনে করিয়ে দেয়—ভাষা মানে শুধু শব্দ নয়, এটি পরিচয়, সংস্কৃতি এবং অস্তিত্বের ভিত্তি।

“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”—এই লাইনটি শুধু একটি গান নয়; এটি এক জাতির হৃদস্পন্দন। এই কথার মধ্যেই লুকিয়ে আছে সেই আত্মত্যাগ, যা ভাষাকে অমর করে রেখেছে।

শেষ কথা

আজ ভোরের আলোয় শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে যখন মানুষ নীরবে শ্রদ্ধা জানায়, তখন বোঝা যায়—এই দিনটি শুধু স্মরণ করার নয়, ঋণ স্বীকারের দিন।

১৯৫২ সালের সেই তরুণরা শুধু তাদের নিজের মায়ের ভাষায় কথা বলার অধিকার চেয়েছিলেন। চাওয়াটা ছোট ছিল, কিন্তু তার মূল্য ছিল জীবন। আজ তাদের কারণেই আমরা বুক ফুলিয়ে বলতে পারি—আমি আমার বাংলাকে ভালোবাসি। আজ আমরা সহজেই বাংলা ভাষায় কথা বলি, লিখি, স্বপ্ন দেখি। কিন্তু এই স্বাভাবিকতার পেছনে আছে এক করুন রক্তের ইতিহাস।

২১ ফেব্রুয়ারি তাই শুধু ফুল দেওয়ার দিন নয়। এটা নিজেকে প্রশ্ন করার দিন— 

আমরা কি আমাদের ভাষাকে যথেষ্ট ভালোবাসি? 

আমরা কি সেই আত্মত্যাগের মর্যাদা রাখতে পারছি?

যতদিন মানুষ নিজের মাতৃভাষায় বাঁচার অধিকার চাইবে, ততদিন ২১ ফেব্রুয়ারি বেঁচে থাকবে।

আর নীরবে ভেসে আসবে একটাই প্রশ্ন—

আমরা কি তাদের যোগ্য উত্তরসূরি? 

আমরা কি সত্যিই বাংলা ভাষার মান বাঁচিয়ে রাখতে পেরেছি? 

Post a Comment

নবীনতর পূর্বতন