রানীগঞ্জ থেকে উঠে আসা কয়লা পাচার সংক্রান্ত আর্থিক দুর্নীতির তদন্তে বড় পদক্ষেপ নিলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার দুই স্থানীয় ব্যবসায়ী - চিন্ময় মন্ডল ও কিরণ খাঁ- কে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
তদন্তে উঠে আসা আর্থিক নথি ও জেরায় পাওয়া তথ্য মিলিয়ে দেখার পরই এই গ্রেপ্তার বলে ইডি সূত্রে খবর। সোমবার কলকাতায় ডেকে পাঠিয়ে দু'জনকে আলাদা আলাদা ভাবে জেরা করা হয়। জিজ্ঞাসাবাদে অসামঞ্জস্য ধরা পড়তেই গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংস্থার দাবি, রানীগঞ্জ অঞ্চলে অবৈধ কয়লা লেনদেনের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে উঠেছিল, যেখানে ধৃতদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এই নেটওয়ার্কের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা ঘোরানো হয়েছে বলে তদন্তে প্রাথমিক প্রমাণ মিলেছে।
ইডি আরও জানাচ্ছে, শুধু কয়লা নয়, অন্য বেআইনি খনিজ ব্যবসার দিকও খতিয়ে দেখা হচ্ছে। আর্থিক লেনদেনের সূত্র ধরে আরও কয়েকজনের নাম উঠে আসতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।
মঙ্গলবারই ধৃতদের আদালতে পেশ করে হেফাজতের আবেদন জানাবে তদন্তকারী সংস্থা। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই মামলায় নতুন তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন