সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (SIR)- এর সময়সূচি বদল করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
পরিবর্তিত সূচি অনুসারে, ১৪ ফেব্রুয়ারির মধ্যে ভোটারদের শুনানি শেষ করতে হবে। এরপর ২১ ফেব্রুয়ারির মধ্যে নথি যাচাই ও নিষ্পত্তির কাজ সম্পন্ন করবে ERO রা। পাশাপাশি ২৫ ফেব্রুয়ারির মধ্যে ভোটকেন্দ্র পুনর্বিন্যাস এবং ২৭ ফেব্রুয়ারির মধ্যে বয়স্ক ভোটারদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য ও পরিকাঠামোগত ব্যবস্থা শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যে ১ কোটি ৫২ লক্ষ ভোটারের মধ্যে ১ কোটি ৪৮ লক্ষকে নোটিস পাঠানো হয়েছে। প্রায় ৩ লক্ষ ৫৫ হাজার ভোটারের কোনও খোঁজ না পাওয়ায় নোটিস দেওয়া সম্ভব হয়নি। এখনও পর্যন্ত ১ কোটি ৪১ লক্ষ ভোটারের শুনানি শেষ হয়েছে।
এদিকে নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল দিল্লিতে কমিশনের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, তিনি রাজ্যে একদফায় বিধানসভা ভোটের প্রস্তাব দিলেও কমিশন আপাতত দুই বা তিন দফায় ভোটের সম্ভাবনা খতিয়ে দেখছে।
কমিশনের প্রাথমিক ভাবনায় প্রথম দফায় উত্তরবঙ্গের আট জেলায় ভোট হতে পারে। দক্ষিণবঙ্গে পরিস্থিতি অনুযায়ী একাধিক দফায় ভোট করানোর পরিকল্পনাও রয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর প্রাপ্যতা ও স্পর্শকাতর বুথের সংখ্যা বিচার করেই দফা চূড়ান্ত হবে।
নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, আগামী ৭ মে রাজ্য সরকারের মেয়াদ শেষ হচ্ছে। সেই সময়সীমার মধ্যেই পুরো নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন