Top News

কলকাতার পর এ বার চাকদহ—আয়কর অভিযানে নতুন চাঞ্চল্য

মাস ঘুরতেই রাজ্যে আবারো আয়কর হানা। এ বার নদিয়ার চাকদহে এক ব্যবসায়ীর বাড়ি ও কারখানায় অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়।


বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ চাকদহ শহরের দুর্গানগর এলাকায় ব্যবসায়ী টোটন দত্তের বাড়িতে পৌঁছন চারজন আয়কর আধিকারিক। সঙ্গে ছিলেন চারজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। বাড়ি ঘিরে শুরু হয় তল্লাশি। পরে টোটনকে সঙ্গে নিয়ে তাঁর বিভিন্ন কারখানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানেও চিরুনি অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টোটন দত্ত দীর্ঘদিন ধরে প্লাইউড ব্যবসার সঙ্গে যুক্ত। চাকদহে তাঁর একাধিক দোকান ও কারখানা রয়েছে। হঠাৎ কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ও তল্লাশি ঘিরে এলাকায় কৌতূহল ও জল্পনা তৈরি হয়েছে।

তল্লাশির নির্দিষ্ট কারণ এখনও জানানো হয়নি। তবে আয়কর ফাঁকি বা হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগে এই অভিযান হতে পারে বলে অনুমান স্থানীয়দের একাংশের। যদিও টোটন দত্তের বিরুদ্ধে সরাসরি কোনও অভিযোগ বা প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই কলকাতার বিভিন্ন এলাকায় আয়কর দফতরের অভিযান হয়। এক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে আয়কর ফাঁকি এবং হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগে তল্লাশি চালানো হয়েছিল। চাকদহের এই অভিযানের সঙ্গে সেই ঘটনার কোনও যোগ আছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

Post a Comment

নবীনতর পূর্বতন