অবশেষে প্রকাশিত হল পশ্চিমবঙ্গের SIR-র চূড়ান্ত ভোটার তালিকা। তবে সংখ্যার অঙ্কেই স্পষ্ট, বিতর্ক এখনও থামেনি।
খসড়া তালিকায় ৫৮ লক্ষের বেশি নাম বাদ গিয়েছিল। পরবর্তী পর্যায়ে বিভিন্ন জেলার তালিকা প্রকাশের সঙ্গে আরও প্রায় ৭ লক্ষ নাম ‘ডিলিটেড’ হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। অর্থাৎ, মোট বাদ যাওয়া ভোটারের সংখ্যা ৬৫ লক্ষ ছাড়িয়েছে।
তবে এখানেই শেষ নয়। এখনও ৬০ লক্ষ ৬ হাজার ভোটারের নামের পাশে রয়েছে ‘Under Adjudication’—অর্থাৎ নিষ্পত্তি বাকি। তাঁদের নথি খতিয়ে দেখছেন জুডিশিয়াল অফিসাররা। যাচাই সম্পূর্ণ হলে যাঁরা ছাড়পত্র পাবেন, তাঁদের নাম সাপ্লিমেন্টারি তালিকা হিসেবে যুক্ত হবে মূল তালিকায়।
জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, মুর্শিদাবাদে প্রায় ১০ লক্ষ ভোটারের নিষ্পত্তি বাকি—সবচেয়ে বেশি। উত্তর ২৪ পরগনায় ৫ লক্ষ ৯০ হাজার, দক্ষিণ ২৪ পরগনায় ৫ লক্ষ ২০ হাজার, পশ্চিম মেদিনীপুরে ১ লক্ষ, পূর্ব মেদিনীপুরে ৮০ হাজার, উত্তর কলকাতায় ৬০ হাজার এবং দক্ষিণ কলকাতায় ৭৮ হাজার ভোটারের ভাগ্য এখনও ঝুলে।
পরিসংখ্যান বলছে, একদিকে ৬৫ লক্ষ নাম ইতিমধ্যেই বাদ, অন্যদিকে প্রায় ৬০ লক্ষ বিচারাধীন। সব মিলিয়ে প্রায় ১ কোটির বেশি মানুষের ভোটাধিকার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁরা ভোট দিতে পারবেন কি না, তা নির্ভর করছে চলতি নিষ্পত্তি প্রক্রিয়ার উপর।
উল্লেখ্য, গত বছরের ৪ নভেম্বর শুরু হয়েছিল SIR প্রক্রিয়া। ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর ধাপে ধাপে ‘আনম্যাপড’ ও ‘লজিকাল ডিসক্রিপেন্সি’ ক্যাটিগরির ভোটারদের শুনানি হয়। ১৪ ফেব্রুয়ারি শুনানির শেষ দিনে প্রায় ৪ লক্ষ ৯৮ হাজার ভোটার হাজির হননি বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।
এদিকে নাম বাদ যাওয়া নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় বিক্ষোভ শুরু হয়েছে। নির্বাচন কমিশন আজ বিকেলে সাংবাদিক বৈঠকে আরও বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরবে বলে জানা গেছে। এখন দেখার বিষয় ভোটের মুখে এই বিক্ষোভ কোন পথে এগোয়।

একটি মন্তব্য পোস্ট করুন