ভারত আবারও প্রমাণ করল, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে তারা বিশ্বে অন্যতম অগ্রণী শক্তি। দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই গড়ে তোলা হয়েছে ২ লক্ষ ৭৬ হাজারেরও বেশি জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি, যা গ্রাম থেকে শহর সাধারণ মানুষের অংশগ্রহণকে আজ আরও শক্তিশালী করেছে।
সম্প্রতি কেন্দ্রের প্রকাশিত নাগোয়া প্রোটোকল বাস্তবায়ন সংক্রান্ত প্রথম জাতীয় প্রতিবেদন পেশ হয়েছে, আর তাতেই উঠে এসেছে এই তথ্য। এই প্রতিবেদনে বলা হয়েছে, জীববৈচিত্র্যের সুরক্ষা ও তার ন্যায্য ব্যবহার নিশ্চিত করতে ভারত শুধু নিজ দেশে নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।
বিশ্বব্যাপী ‘অ্যাক্সেস অ্যান্ড বেনিফিট শেয়ারিং ক্লিয়ারিং-হাউস’-এ জারি হওয়া সম্মতি সনদের মধ্যে প্রায় ৬০ শতাংশই ভারতের দখলে, যা এই ক্ষেত্রে দেশের নেতৃত্বকে স্পষ্ট করে।
পরিবেশ মন্ত্রক এবং জাতীয় জীববৈচিত্র্য কর্তৃপক্ষ যৌথভাবে এই প্রতিবেদন পেশ করেছে। সেখানে তুলে ধরা হয়েছে, কীভাবে নাগোয়া প্রোটোকলের আওতায় জেনেটিক সম্পদের ব্যবহার থেকে প্রাপ্ত সুবিধা ন্যায্যভাবে বণ্টন করা হচ্ছে এবং স্থানীয় সম্প্রদায়কে এর সঙ্গে যুক্ত করা হচ্ছে।
সব মিলিয়ে, জীববৈচিত্র্য সংরক্ষণে ভারতের এই উদ্যোগ শুধু দেশের পরিবেশ রক্ষাই নয়, বিশ্বজুড়ে এক শক্তিশালী বার্তা দিচ্ছে—ভারত আজ দেখিয়ে দিয়েছে যে কিভাবে উন্নয়নের সঙ্গে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা সম্ভব, যদি ইচ্ছা থাকে তাহলে উপায়ও থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন