Top News

তেল নিয়ে আর আতঙ্ক নয়! ৪০টি দেশ থেকে সরবরাহ বাড়াচ্ছে ভারত, আশ্বাস কেন্দ্রের

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও সরবরাহ নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে। তবে এই পরিস্থিতিতে দেশবাসীকে আশ্বস্ত করল কেন্দ্র। সরকারের তরফে জানানো হয়েছে, ভারতের তেল ও জ্বালানির চাহিদা মেটাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।


সরকারি সূত্রের দাবি, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই তেল আমদানির কৌশলে বড় পরিবর্তন আনা হয়েছে। আগে যেখানে ভারত প্রায় ২৭টি দেশ থেকে তেল ও জ্বালানি আমদানি করত, এখন সেই তালিকা বাড়িয়ে প্রায় ৪০টি দেশে পৌঁছে দেওয়া হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে কোনও অঞ্চলে সমস্যা তৈরি হলেও বিকল্প উৎস থেকে সরবরাহ বজায় রাখা সম্ভব হবে।

কেন্দ্রের মতে, এই বিস্তৃত আমদানি নেটওয়ার্ক ভারতের জ্বালানি নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে। ইতিমধ্যেই বিভিন্ন সম্ভাব্য সরবরাহকারী দেশের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী। দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে নতুন চুক্তি ও সমঝোতার দিকেও এগোচ্ছে কেন্দ্র।

সরকারি সূত্রে জানা গিয়েছে, দেশের জ্বালানি চাহিদা পূরণ করতে এই পরিকল্পনা ইতিমধ্যেই বাস্তবায়নের পথে। আন্তর্জাতিক অস্থিরতার মধ্যেও যাতে দেশের জ্বালানি সরবরাহে কোনও ঘাটতি না পড়ে, সে দিকেই এখন বিশেষ নজর দিচ্ছে ভারত সরকার। তবে প্রশ্ন থাকছে, বিকল্প উৎস বাড়লেও কি দেশে জ্বালানির দাম স্থিতিশীল রাখা সম্ভব হবে? জ্বালানির দাম কি কমবে নাকি একি থাকবে? নাকি আরো ঊর্ধ্বমুখী হবে?

Post a Comment

নবীনতর পূর্বতন