দিনের আলোতেই প্রকাশ্যে হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়াল গুজরাটের পাটনে। ব্যস্ত রাস্তায় গুলি করে খুন করা হল ৫০ বছর বয়সি এক ব্যক্তিকে। দিনে দুপুরে সকলের চোখের সামনে রাস্তায় এমন ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযুক্তদের ধরতে জেলাজুড়ে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম ইউসুফখান পাঠান। বৃহস্পতিবার সকাল প্রায় ১১টা ১৫ মিনিট নাগাদ পাটনের নীলম সিনেমা হলের কাছে এই ঘটনা ঘটে। সে সময় তিনি নিজের গাড়িতে করে বুকদি এলাকা থেকে জুনাগঞ্জ-এর দিকে যাচ্ছিলেন।
ঠিক সেই সময় অভিযুক্তরা তার গাড়ির কাছে এসে আচমকা গুলি চালায় বলে অভিযোগ। গুলিতে গুরুতর আহত হন ইউসুফখান পাঠান। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। ঘটনার খবর পাওয়া-মাত্রই পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে তদন্ত শুরু করে।
প্রাথমিক অভিযোগ অনুযায়ী, জহির ওরফে খোখরো আব্বাসখান বেলিম নামে এক ব্যক্তি নিজের রিভলভার থেকে দু’টি গুলি চালায়। ঘটনার সঙ্গে মোট পাঁচজন অভিযুক্তের যোগ রয়েছে বলে জানা গেছে। ঘটনার পর থেকেই তারা পলাতক।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু হয়েছে। পাশাপাশি আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কী কারণে এই খুন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দিনের বেলায় ব্যস্ত এলাকায় এমন ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে সবসময় অপরাধ ঘটার পরই কেনো তল্লাশি শুরু হয়, আগে থেকে এমন অপরাধ ঠেকাতে প্রশাসনের পরিকল্পনা কেন কার্যকর হয় না?

একটি মন্তব্য পোস্ট করুন