Top News

রাষ্ট্রপতি ও স্পিকার পদে কারা আসছেন—বিএনপিতে চলছে জোর আলোচনা



বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের ১৫ দিন পার হলেও এখনো রাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ পদ—রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার—নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দলটির নীতিনির্ধারণী পর্যায়ে এ দুটি পদে অভিজ্ঞ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের বসানোর বিষয়ে আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

রাষ্ট্রপতি পদে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি দলের নীতিনির্ধারণী পর্যায়ে সক্রিয় এবং মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দলীয় জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতার কারণে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে তাঁকেই এগিয়ে রাখা হচ্ছে বলে জানা গেছে।

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামও আলোচনায় এসেছে। তবে এ বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মঙ্গলবার রাতে গণমাধ্যমকে তিনি বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ এখনো শেষ হয়নি, তাই এখনই রাষ্ট্রপতি নির্বাচনের আলোচনা কেন—সেটি বিবেচনার বিষয়।


এদিকে আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে। স্পিকার পদে আলোচনায় রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, বর্তমান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।

এ ছাড়া সংসদের উপনেতা পদ নিয়েও আলোচনা চলছে, যদিও সংবিধানে এ পদের স্পষ্ট কোনো বিধান নেই। অতীতে এ পদে নিয়োগ দেওয়ার নজির থাকায় বিষয়টি নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা চলছে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই জাতীয় সনদের সমঝোতার প্রতি সম্মান রেখে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে একজনকে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ জন্য প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছে নাম প্রস্তাব করতে বলা হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন