Top News

আজ সন্ধ্যা ৭টায় টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল মুখোমুখি ভারত–ইংল্যান্ড

 


২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে শক্তিশালী দুই দল ভারত ও ইংল্যান্ড। বৃহস্পতিবার (৫ মার্চ) মুম্বইয়ের ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

এই সেমিফাইনাল ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জয়ী দল সরাসরি ফাইনালে উঠে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। অন্যদিকে পরাজিত দলকে এখানেই শেষ করতে হবে বিশ্বকাপ মিশন।

বর্তমান চ্যাম্পিয়ন ভারত টুর্নামেন্টে শুরুতে কিছুটা চাপে থাকলেও পরে নিজেদের সেরা ছন্দে ফিরেছে। বিশেষ করে সুপার এইট পর্বে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস নিয়ে সেমিফাইনালে উঠেছে তারা। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে একসময় চাপে পড়লেও সূর্যকুমার যাদবের দুর্দান্ত ৮৪ রানের ইনিংসে ঘুরে দাঁড়ায় ভারত।

অন্যদিকে ইংল্যান্ডের গ্রুপ পর্বের শুরুটা খুব একটা স্বস্তিদায়ক ছিল না। ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর নেপালের বিপক্ষে শেষ বলে জয় পায় দলটি। তবে সুপার এইটে এসে চেনা রূপে ফিরে ইংল্যান্ড। শ্রীলঙ্কা, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে পরাজিত করে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে দলটি।

দুই শক্তিশালী দলের লড়াইয়ে আজকের সেমিফাইনাল ঘিরে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। ফাইনালের টিকিট নিশ্চিত করতে মাঠে নামবে দুই দলই, ফলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে জমজমাট এক ম্যাচের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

Post a Comment

নবীনতর পূর্বতন