Top News

উত্তপ্ত ভাঙড় থেকে ইভিএম বিভ্রাট—এক নজরে বাংলার ভোটের মেগা আপডেট!

বাংলার দ্বিতীয় দফার ভোট আজ আক্ষরিক অর্থেই এক চরম রাজনৈতিক লড়াইয়ের ময়দান হয়ে উঠেছে। সকাল থেকেই খবরের শিরোনামে রয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, যেখানে আইএসএফ (ISF) প্রার্থী নওশাদ সিদ্দিকিকে ঘিরে তৃণমূল কর্মীদের 'জয় বাংলা' স্লোগান এবং পাল্টা নওশাদের তেড়ে যাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়ায়। তৃণমূল প্রার্থী শওকত মোল্লা এই পরিস্থিতি নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। এরই মাঝে ভাঙড়ে এনআইএ (NIA) টিমের অভিযান ও তল্লাশি নির্বাচন চলাকালীন এক নতুন মাত্রা যোগ করেছে। অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি শুভেন্দু অধিকারীকে ফোন করে ভবানীপুর কেন্দ্রের ভোট ও পরিস্থিতির খোঁজ নিয়েছেন, যা দিল্লির বিশেষ নজরদারিরই ইঙ্গিত দিচ্ছে।



ভোটের মাঠ কাঁপাতে আজ রাস্তায় দেখা গেছে উত্তরপ্রদেশের দুঁদে আইপিএস অফিসার তথা পুলিশ অবজার্ভার অজয় পাল শর্মাকে। ডায়মন্ড হারবার ও ফলতার অলিগলিতে তাঁর কড়া নজরদারি ও ঝটিকা বুথ পরিদর্শন অশান্তি সৃষ্টিকারীদের রীতিমতো চাপে রেখেছে। তবে এর মধ্যেই ফলতায় ইভিএমে বিজেপির প্রতীকে সাদা টেপ লাগিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশন ইতিমধ্যেই বিস্তারিত রিপোর্ট তলব করেছে এবং অভিযোগ প্রমাণিত হলে পুনর্নির্বাচনের সম্ভাবনাও তৈরি হয়েছে।

অশান্তির ছায়া দেখা গেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামেও, যেখানে ৩৫ নম্বর বুথের কাছেই ৬টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে, গলসিতে ভোটারদের প্রভাবিত করতে আইসক্রিম ও মুড়ি-চানাচুর বিলির মতো বিচিত্র সব অভিযোগ সামনে এসেছে। তবে প্রতিকূলতা ও রোদের তেজ উপেক্ষা করেই বাংলায় ভোটদানের হার চোখে পড়ার মতো। বেলা ১১টা পর্যন্ত রাজ্যে গড়ে ৩৯.৯৮ শতাংশ ভোট পড়েছে, যার মধ্যে ৪৩.১২ শতাংশ ভোট নিয়ে জেলাওয়ারী লড়াইয়ে শীর্ষে রয়েছে হুগলি। বিচার পাওয়ার আশায় আজ পানিহাটিতে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন আরজি কর-মা রত্না দেবনাথও। সব মিলিয়ে বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদ দিলে, কড়া নিরাপত্তার ঘেরাটোপে বাংলার এই মেগা ফাইট এখন তুঙ্গে।

Post a Comment

নবীনতর পূর্বতন