ছবি: নিজস্ব প্রতিনিধি
কলকাতা: উৎসবের মরসুম কাটতে না কাটতেই সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলে ফের দাম বাড়ল অটো এলপিজি-র (Auto-LPG)। লাগাতার জ্বালানির মূল্যবৃদ্ধিতে নাজেহাল শহরবাসী এবার আরও একবার বড়সড় ধাক্কা খেল। শুক্রবার সকাল থেকেই শহরের বিভিন্ন পাম্পে নতুন বর্ধিত মূল্যে বিক্রি হচ্ছে অটো গ্যাস।
পাম্প সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, প্রতি লিটার অটো এলপিজি-র দাম এক ধাক্কায় ৬ টাকা ৪৪ পয়সা বাড়ানো হয়েছে। আগে যেখানে লিটার প্রতি দাম ছিল ৮২ টাকা ৯৬ পয়সা, তা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ টাকা ৪০ পয়সা। জ্বালানির এই চড়া দামের কারণে স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়েছে অটো চালক থেকে শুরু করে নিত্যযাত্রীদের।
জ্বালানির দাম বাড়ার সরাসরি প্রভাব পড়তে চলেছে সাধারণ মানুষের পকেটে। অটো চালকদের দাবি, যে হারে গ্যাসের দাম বাড়ছে, তাতে বর্তমান ভাড়ায় অটো চালানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফলে খুব শীঘ্রই শহরের বিভিন্ন রুটে অটো ভাড়া বৃদ্ধির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। চালকদের একাংশের মতে, "গ্যাসের দাম বাড়লে আমাদের রোজগারে টান পড়ে। সংসার চালাতে গেলে ভাড়া বাড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না।"
অটো ভাড়া বাড়লে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন চাকুরিজীবী ও ছাত্রছাত্রীরা। ট্রেনের পর অটোই কলকাতার যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। নিত্যযাত্রীদের অভিযোগ, বাজারের অন্যান্য জিনিসের দাম এমনিতেই ঊর্ধ্বমুখী, তার ওপর যাতায়াত খরচ বাড়লে মাসের বাজেট সামলানো দায় হয়ে পড়বে।
একটি মন্তব্য পোস্ট করুন