Top News

গণনা শুরুর আগেই ভবানীপুরে রণক্ষেত্র, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা চরমে

 


হটস্পট ভবানীপুর

কলকাতা ৪ মে:-২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরুর আগেই সোমবার (৪ মে) সকালে কলকাতার ভবানীপুর কেন্দ্রে তীব্র রাজনৈতিক সংঘর্ষের জেরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। গণনাকেন্দ্রের বাইরে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বচসা থেকে শুরু করে হাতাহাতি পর্যন্ত পরিস্থিতি গড়ায়, যার ফলে এলাকাটি কার্যত রণক্ষেত্রে পরিণত হয়।

সূত্রের খবর, গণনাকেন্দ্রে এজেন্টদের প্রবেশ এবং পরিচয়পত্র যাচাইকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। অল্প সময়ের মধ্যেই তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বাধা সৃষ্টি এবং বিশৃঙ্খলা তৈরির অভিযোগ তোলে।

বিজেপির অভিযোগ, তাদের এজেন্টদের গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে পালটা অভিযোগ করে বলা হয়েছে, বিজেপি ইচ্ছাকৃতভাবে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা জোরদার করা হয়েছে গোটা এলাকায়, যাতে গণনা প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।

উল্লেখ্য, এই হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে মুখোমুখি লড়াইয়ে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ফলে গণনার আগেই এই সংঘর্ষ রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে।

এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।

Post a Comment

নবীনতর পূর্বতন