বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরদিন শহরের শিক্ষাঙ্গনে অশান্তির ছবি। কলকাতা বিশ্ববিদ্যালয়-এর কলেজ স্ট্রিট ক্যাম্পাসে দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। ঘটনায় আহত হয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজ এর এক ছাত্র।
সূত্রের খবর, ক্যাম্পাসে একটি ছাত্র সংগঠনের ব্যানার ছিঁড়ে ফেলা নিয়ে প্রথমে বচসা শুরু হয়। পরে তা দ্রুত হাতাহাতিতে গড়ায়। এই সংঘর্ষের মাঝেই শিবম মণ্ডল নামে এক পড়ুয়ার মাথায় গুরুতর আঘাত লাগে। তাঁকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বামপন্থী ছাত্র সংগঠন ডিএসও-র অভিযোগ, বহিরাগতদের নিয়ে এসে এবিভিপি কর্মীরা এই হামলা চালায় এবং তাদের ব্যানার খুলে দেয়।
ডিএসও-র কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমান বলেন, “ক্যাম্পাসের ভিতরে ঢুকে এবিভিপি কর্মীরা আমাদের সদস্যদের মারধর করেছে। আমরা দ্রুত এর উপযুক্ত ব্যবস্থা চাইছি এবং নিরাপত্তা বাড়ানোর দাবি জানাচ্ছি।” তাঁর দাবি, মোট ছয়জন পড়ুয়াকে মারধর করা হয়েছে, যার মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে। অভিযোগ, এবিভিপি-র পতাকা হাতে সশস্ত্র কয়েকজন বিশ্ববিদ্যালয়ে ঢুকে ডিএসও-র ব্যানার ছিঁড়তে শুরু করে।
অন্যদিকে, এবিভিপি সম্পূর্ণ উল্টো দাবি করেছে। তাদের বক্তব্য, নির্বাচনের ফল উপলক্ষে তারা শান্তিপূর্ণভাবে উপস্থিত ছিল। সেই সময় ডিএসও কর্মীরাই প্রথমে আক্রমণ করে এবং তাদের কয়েকজন সমর্থক জখম হন। এমনকি ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগও তুলেছে তারা।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পড়ুয়াদের একাংশের মতে, ক্যাম্পাসের ভিতরে এভাবে সংঘর্ষ হওয়া উদ্বেগজনক এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি স্পষ্ট।
যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও পর্যন্ত তাদের কাছে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন