Top News

মেয়ের উদ্দেশে লেখা সুইসাইড নোট অনীকের, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু পুলিশের

২৮ এ মে,কলকাতা: প্রখ্যাত বাঙালী চলচ্চিত্র পরিচালক অনীক দত্তর রহস্যজনক মৃত্যুকে ঘিরে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। বুধবার (২৭ মে) গড়িয়াহাটের হিন্দুস্তান পার্ক এলাকায় তাঁর ফ্ল্যাটের ছয়তলার ছাদ থেকে পড়ে যান তিনি। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি হাতে লেখা চিঠি, যা কন্যা ঐশী দত্তকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চিঠিটি সাদা খামে ভরে ‘সিনেমাটোগ্রাফি আর্ট’ শীর্ষক একটি ম্যাগাজিনের ভিতর রাখা ছিল। ওই চিঠিতে পরিচালক লিখেছেন, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়”। যদিও পুলিশ এখনও চিঠিটির সত্যতা নিশ্চিত করেনি। হাতের লেখা মেলানোর জন্য এটি ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের না করা হলেও, ঘটনার অস্বাভাবিকতা বিবেচনা করে গড়িয়াহাট থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। প্রাথমিক পোস্টমর্টেম রিপোর্টে পরিচালকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অনীক দত্ত ‘ভূতের ভবিষ্যৎ’, ‘অপরাজিত’, ‘আশ্চর্য প্রদীপ’-এর মতো উল্লেখযোগ্য ছবি পরিচালনা করে বাংলা সিনেমায় স্বতন্ত্র জায়গা করে নিয়েছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউড ও সাংস্কৃতিক মহলে। পরিচালকের মেয়ে ঐশী সুইডেন থেকে কলকাতায় ফিরেছেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার (২৯ মে) এনটি ওয়ান স্টুডিওতে শেষ শ্রদ্ধা জানানোর পর কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন