ডায়মন্ড হারবারে গুলি ম্যাগাজিন উদ্ধার
কলকাতা ৬ মে:দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এলাকায় তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত আমিরুল শেখ ইসলাম, যিনি পূজালি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছরের ২১ সেপ্টেম্বর কলকাতা বিমানবন্দরে তাঁকে আটক করা হয়েছিল। অভিযোগ, মুম্বইগামী বিমান ধরতে যাওয়ার সময় তাঁর ব্যাগে তল্লাশি চালিয়ে ৬ রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার হয়।
তখনই তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়। জিজ্ঞাসাবাদের সময় কাউন্সিলর দাবি করেছিলেন যে ওই গুলি ও ম্যাগাজিনের জন্য তাঁর কাছে বৈধ লাইসেন্স রয়েছে এবং নথি জমা দেওয়ার জন্য সময়ও চান।
পুলিশ তাঁকে নির্দিষ্ট সময়সীমা দিলেও তিনি কোনও বৈধ নথি জমা দিতে পারেননি বলে অভিযোগ। এর পরই মামলার তদন্ত এগিয়ে নিয়ে গিয়ে অবশেষে মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে খবর, ধৃত কাউন্সিলরকে আদালতে পেশ করা হবে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন