Top News

সংখ্যাগরিষ্ঠতার দোরগোড়ায় বিজয়ের TVK, জোট নির্ভর সরকার গঠনের পথে তামিলনাড়ু


বিজেপিকে বুড়ো আঙুল দেখিয়ে থালাপতির প্রথমবারেই বাজিমাত


চেন্নাই, ৫ মে ২০২৬:তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব সাফল্য অর্জন করে রাজনৈতিক অঙ্গনে ইতিহাস গড়ল অভিনেতা-রাজনীতিক বিজয়-এর দল তামিলাগা ভেট্টি কাজাগাম (TVK)। ২৩৪ আসনের বিধানসভায় প্রাথমিক ফলাফলের ভিত্তিতে TVK একক বৃহত্তম দল হিসেবে ১০৮-১১০টি আসনে এগিয়ে বা জয়ী হয়েছে বলে জানা যাচ্ছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের ম্যাজিক সংখ্যার থেকে কিছুটা পিছিয়ে রয়েছে দলটি।

এই পরিস্থিতিতে TVK-র সামনে জোটভিত্তিক সরকার গঠনের পথই সবচেয়ে সম্ভাব্য বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, কংগ্রেস, বিদুথালাই চিরুথাইগাল কাছি (VCK) এবং বাম দল যেমন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ও কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী)-এর সমর্থন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের চেষ্টা করতে পারেন বিজয়।

অন্যদিকে, সরাসরি জোটে না এলেও বাইরের সমর্থনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে অন্যান্য দল সরকারে অংশ না নিয়েও আস্থাভোটে TVK-কে সমর্থন করতে পারে।

এছাড়াও, অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাজাগাম (AIADMK) বা দ্রাবিড় মুন্নেত্র কাজাগাম (DMK)-এর কিছু বিধায়কের দলত্যাগ বা ভাঙনের সম্ভাবনাও রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

যদি কোনো পক্ষের সরাসরি সমর্থন না মেলে, তবে সংবিধান অনুযায়ী রাজ্যপাল একক বৃহত্তম দল হিসেবে বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে পারেন। সেই ক্ষেত্রে ‘সংখ্যালঘু সরকার’ গঠন করে বিধানসভায় ফ্লোর টেস্টের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।

এদিকে, বিজয় ইতিমধ্যেই পেরাম্বুর ও তিরুচি ইস্ট—দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছেন বলে খবর। খুব শীঘ্রই তিনি তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার-এর সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানাতে পারেন।

সবকিছু অনুকূলে থাকলে, আগামী ৭ মে চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বিজয়। তামিলনাড়ুর রাজনীতিতে এই পরিবর্তন এক নতুন যুগের সূচনা করতে চলেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Post a Comment

নবীনতর পূর্বতন