মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)-এর এক সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি এখন তাদের ‘কোর ইন্টারেস্ট’-এর মধ্যে পড়ছে, ঠিক যেমন তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরের বিভিন্ন ভূখণ্ড ও সামুদ্রিক দাবিগুলি। এই দাবিগুলিকে ২০৪৯ সালের মধ্যে ‘গ্রেট রিজুভেনেশন’ বা জাতীয় পুনরুত্থানের লক্ষ্যে পৌঁছনোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।
ভারত ও চীনের মধ্যে পূর্ব লাদাখে দীর্ঘদিনের এলএসি (লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল) অচলাবস্থার অবসান ঘটলেও, ভবিষ্যতে নতুন করে উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে অরুণাচল প্রদেশ—এমনই ইঙ্গিত দিয়েছে রিপোর্টটি।
মার্কিন কংগ্রেসে জমা দেওয়া ওই পেন্টাগন রিপোর্টে বলা হয়েছে, ‘গ্রেট রিজুভেনেশন’ পরিকল্পনার অংশ হিসেবে চীন নিজেকে বিশ্বমঞ্চে আরও উচ্চতর স্তরে নিয়ে যেতে চায় এবং এমন একটি ‘ওয়ার্ল্ড-ক্লাস মিলিটারি’ গড়ে তুলতে চায়, যা যেকোনো পরিস্থিতিতে ‘লড়াই করে জয়ী হতে’ সক্ষম হবে।
ভারতের অবস্থান এই বিষয়ে স্পষ্ট ও অপরিবর্তিত। নয়াদিল্লি বারবার জানিয়েছে, অরুণাচল প্রদেশ “ছিল, আছে এবং চিরকাল ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই থাকবে।”
একটি মন্তব্য পোস্ট করুন