Top News

হাওড়া ময়দানে ফুটপাতেই শৌচকর্ম, দুর্গন্ধে নাজেহাল পথচারীরা

হাওড়ার অন্যতম ব্যস্ত এলাকা ময়দান এখন কার্যত উন্মুক্ত শৌচালয়ে পরিণত হয়েছে। জিটি রোড ও মহাত্মা গান্ধী রোডের সংযোগস্থলে, মেট্রো স্টেশনের জেনারেটর রুমের সামনে প্রকাশ্যেই চলছে শৌচকর্ম। ফলে তীব্র দুর্গন্ধ ও নোংরা জলে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। ফুটপাত বেয়ে নিকাশি জল রাস্তায় ছড়িয়ে পড়ায় হাঁটাচলা কঠিন হয়ে উঠেছে, বিশেষ করে মহিলা পথচারীদের জন্য।

নাগরিক ও ব্যবসায়ীদের অভিযোগ, এলাকায় কোনও পাবলিক টয়লেট না থাকায় মানুষ বাধ্য হচ্ছেন রাস্তায় শৌচকর্ম করতে। পুলিশ ও প্রশাসনের নজরদারি ও জরিমানার ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। 

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, হাওড়া ময়দান এলাকায় প্রতিদিন লক্ষাধিক মানুষের যাতায়াত থাকলেও সেখানে কোনও পাবলিক টয়লেটের ব্যবস্থা নেই। পুরসভা বা থানার কাছে এবং বঙ্গবাসী মোড় ও বঙ্কিম সেতুর নীচে শৌচালয় থাকলেও সেগুলি অনেকটাই দূরে। ফলে বাধ্য হয়ে অনেকেই রাস্তায় শৌচকর্ম করেন। ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ সব সময় রাস্তায় থাকলেও এই অনিয়ম রোখার ক্ষেত্রে কার্যকর উদ্যোগ চোখে পড়ে না। দ্রুত হাওড়া ময়দানে পাবলিক টয়লেট নির্মাণ ও কড়া নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

ছবি: সংগৃহীত 

#Howrah

Post a Comment

নবীনতর পূর্বতন