খাস কলকাতায় ফের হাড়হিম করা ঘটনা। বেহালার বেচারাম চ্যাটার্জি স্ট্রিটের প্রিয়দর্শিনী অ্যাপার্টমেন্টের বি ব্লকে একটি ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধার দেহ উদ্ধার হয়েছে। মৃতার নাম অনিতা ঘোষ। প্রাথমিক অনুমান, গলা কেটে ও একাধিক কোপ মেরে তাঁকে খুন করা হয়েছে। ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
অনিতা ঘোষ তাঁর শয্যাশায়ী স্বামীর সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতেন। দীর্ঘদিন ধরেই স্বামী অসুস্থ ও চলাফেরা করতে অক্ষম। সকালে রান্নার লোক এসে দরজা খুলতেই ঘরের ভেতরে অনিতাদেবীর নিথর দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে।
স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, ওই দম্পতির দেখভালের জন্য আয়া ও রান্নার লোক আসতেন নিয়মিত। ঘটনার পর পুলিশ আয়া, রাঁধুনি-সহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারীরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দম্পতির ছেলে কাছেই একটি ভাড়া ফ্ল্যাটে আলাদা থাকেন। পরিবারের এক সদস্য বলেন, “আমরা ঠিক বুঝে উঠতে পারছি না কী কারণে এমন নৃশংস কাণ্ড ঘটল। খবর পেয়ে এসে দেখি বউদিকে নারায়ণা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে জানতে পারি, নির্মমভাবে কুপিয়ে ওকে খুন করা হয়েছে।”
মৃতার স্বামী ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী। তিনি ডিমেনশিয়ায় আক্রান্ত এবং প্রায় আট বছর ধরে শয্যাশায়ী। পরিবারের দাবি, বাড়িতে প্রায় এক লক্ষ টাকা রাখা থাকত, কারণ তিনি ব্যাঙ্কে যেতে পারতেন না। সেই টাকার লোভেই খুন হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন মৃতার ভাসুর।
পরিবার আরও জানিয়েছে, অনিতা ঘোষ ছিলেন একজন সঙ্গীতশিল্পী। তিনি গান শেখাতেন এবং দূরদর্শনেও অনুষ্ঠান করেছেন। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
একটি মন্তব্য পোস্ট করুন