বেলুড়ে এক ১৯ বছরের কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতা শিপ্রা সিংহ বেলুড়ের ৩ নম্বর করালীচরণ রায়চৌধুরী রোডের একটি বহুতলের বাসিন্দা ও বিএসসি-র ছাত্রী। প্রতিদিনের মতোই মঙ্গলবার দুপুরে তিনি বেলুড় গিরিশ ঘোষ রোডের একটি বহুতলে এক শিক্ষিকার কাছে পড়তে যান।
পড়া শেষে আচমকাই ওই বহুতলের ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। ঘটনাস্থলে ছাদের রেলিংয়ের পাশে গোছানো অবস্থায় তাঁর জুতো ও বইয়ের ব্যাগ পাওয়া যায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পড়াশোনার অতিরিক্ত চাপ থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত থাকতে পারেন। পাশাপাশি জানা যাচ্ছে, প্রায় দু’বছর আগে তাঁর ছোট বোন অসুস্থ হয়ে মারা যাওয়ায় তিনি আগে থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
সব মিলিয়ে তরুণীর অকাল মৃত্যুকে ঘিরে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
একটি মন্তব্য পোস্ট করুন