Top News

পুরুলিয়ায় নাবালিকার গণধর্ষণ কাণ্ডে চাঞ্চল্য, অভিযুক্ত ৭ জন ধৃত

 


জঙ্গলমহল পুরুলিয়ায় নাবালিকার উপর গণধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ১৬ বছর বয়সি এক কিশোরী বন্ধুর সঙ্গে বাইরে বেরোনোর পর এই ঘটনার শিকার হয় বলে অভিযোগ। নির্যাতিতার পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুরুলিয়া সদর থানার পুলিশ তদন্ত শুরু করে এবং শনিবার সাতজনকে গ্রেপ্তার করে। অভিযুক্তরা ও নাবালিকা একই এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরোনোর পর দীর্ঘ সময় কেটে গেলেও কিশোরী ফিরে না আসায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। রাত পৌনে ১২টার দিকে তাঁরা থানায় গিয়ে অপহরণের অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পরই পুলিশ এলাকায় তল্লাশি শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই রেললাইনের ধরে একটি নির্জন জায়গা থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়। সেই সময় তার বন্ধু ঘটনাস্থলেই উপস্থিত ছিল। 

উদ্ধারের পর নাবালিকার বক্তব্যে উঠে আসে গণধর্ষণের অভিযোগ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কয়েকজন যুবক জোর করে নাবালিকা ও তার বন্ধুকে নির্জন এলাকায় নিয়ে গিয়ে অপরাধটি ঘটায়। নাবালিকাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে পরিবারের পক্ষ থেকে গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনাস্থল সিল করে দিয়েছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। 

এই ঘটনায় গ্রেপ্তার সাতজনের মধ্যে ছ'জনকে রবিবার আদালতে তোলা হলে বিচারিক তাদের জেল হেফাজতের নির্দেশ দেন। অসুস্থ থাকার কারণে একজন অভিযুক্ত বর্তমানে দেবেন মাহাত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানান, অপহরণ ও গণধর্ষণের ধারায় মামলা রুজু হয়েছে এবং নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। ঘটনায় আর কেউ জড়িত কি না , তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই জেলাজুড়ে রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে।


সংবাদসূত্র-বর্তমান

Post a Comment

নবীনতর পূর্বতন