নতুন বছরের শুরুতেই বড় চমক দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়ে দিলেন, এ বার থেকে আর কোনও ছবিতে প্লেব্যাক গায়ক হিসেবে কাজ করবেন না। অরিজিতের এই ঘোষণায় স্তম্ভিত হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা ও সংগীত মহল।
পোস্টে অরিজিৎ লেখেন, “নতুন বছরের শুভেচ্ছা সকলকে। শ্রোতা হিসেবে এত বছর ধরে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এ বার থেকে আমি আর প্লেব্যাক গায়ক হিসেবে কোনও কাজ করব না। আমি প্লেব্যাক গাওয়া বন্ধ করলাম।” পোস্টের শেষে তিনি যোগ করেন, “এই সফর সত্যিই সুন্দর ছিল।”
তবে ঠিক কী কারণে এই সিদ্ধান্ত, সে বিষয়ে শিল্পী নিজে কোনও ব্যাখ্যা দেননি। ফলে প্রশ্ন উঠছে—এটা কি স্থায়ী অবসর, না কি সাময়িক বিরতি? কোনও কোনও সূত্রের দাবি, গলার বিশ্রামের জন্যই নাকি এই পদক্ষেপ অরিজিতের। যদিও এ বিষয়ে গায়ক নিজে কিছু উল্লেখ করেননি।
উল্লেখযোগ্য বিষয় হল, ঘোষণা করার ঠিক আগেই একাধিক ছবিতে তাঁর গান মুক্তি পেয়েছে। সম্প্রতি বাংলা ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে তাঁর গাওয়া ‘ক্ষণে গোরাচাঁদ’ গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়েছে। পাশাপাশি হিন্দি ছবি ‘ধুরন্ধর’-এর ‘গেহরা হুয়া’ গানটিও দর্শক-শ্রোতাদের মুখে মুখে ফিরছে। আসন্ন ছবি ‘ও রোমিয়ো’-তেও রয়েছে অরিজিতের কণ্ঠ।
প্লেব্যাক গান ছাড়াও অরিজিৎ এখন অন্য এক অধ্যায়ে পা রেখেছেন। গায়ক হিসেবে পরিচিত হলেও তিনি ইতিমধ্যেই ছবি পরিচালনায় যুক্ত। তাঁর প্রথম বাংলা ছবি ‘সা’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এর পাশাপাশি তিনি হিন্দিতে পরিচালনা করছেন আরও একটি ছবি—‘ভয়’।
সব মিলিয়ে, প্লেব্যাক জগত থেকে অরিজিৎ এর সরে দাঁড়ানো যে সংগীতপ্রেমীদের কাছে বড় ধাক্কা, তা বলাই বাহুল্য। তবে তিনি পুরোপুরি গান ছাড়ছেন কি না, নাকি নতুন পথে হাঁটার জন্য সাময়িক বিরতি নিচ্ছেন—এই প্রশ্নের উত্তর আপাতত সময়ই দেবে।

একটি মন্তব্য পোস্ট করুন