ভোটার তালিকা বিশেষ সংশোধন (এসআইআর) নিয়ে ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, বাংলায় বহু প্রকৃত ভোটারের নাম পরিকল্পিতভাবে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে এবং বিজেপির প্রভাবেই কমিশন এই কাজে যুক্ত। ভোটাধিকার রক্ষার আন্দোলন প্রয়োজনে রাজধানী পর্যন্ত নিয়ে যাওয়ার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
এই আবহে আগামী বুধবার হুগলির সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক কর্মসূচি রয়েছে। দলীয় সূত্রের দাবি, ওই সভা শেষ হওয়ার পর তিনি সরাসরি দিল্লির উদ্দেশে রওনা দেবেন। সেখানে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়াই তাঁর মূল উদ্দেশ্য।
অন্যদিকে, খসড়া ভোটার তালিকায় বহু জীবিত নাগরিকের নাম 'মৃত' হিসেবে নথিভুক্ত থাকার অভিযোগ সামনে এসেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় বিভিন্ন সভায় এমন ভোটারদের হাজির করে বিষয়টি তুলে ধরেছেন। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লি সফরে এই ধরনের ভোটারদের একটি বড় অংশও থাকতে পারে।
সিঙ্গুরের প্রশাসনিক সভা ঘিরে হুগলি জেলায় চলছে জোর প্রস্তুতি। ওই দিন জেলার ব্লক সদর ও পঞ্চায়েত স্তরে একযোগে বহু কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সংবাদ সূত্র - বর্তমান
একটি মন্তব্য পোস্ট করুন