ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার চাইবাসা এলাকায় দাঁতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্ক ছড়িয়েছে। গত পাঁচ দিনে একের পর এক হামলায় মৃত্যু হয়েছে অন্তত ১৯ জনের। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে প্রাণ ভয়ে বহু আদিবাসী পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালিয়ে যাচ্ছেন।
সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। পশ্চিম সিংভূম জেলার নোয়ামুন্ডি ব্লকের বাবারিয়া গ্রামে হাতির হামলায় প্রাণ হারান পাঁচ জন। মৃতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য এবং রয়েছে দু'জন শিশু।
গ্রামবাসীদের অভিযোগ, একটি হাতিই টন্টো, মুফাসিল, গিয়েলকেরা - সহ বিস্তীর্ণ এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। বারবার বন দপ্তরে অভিযোগ জানানো হলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয়রা, তবুও আতঙ্ক কাটছে না।
একাধিক মৃত্যুর ঘটনায় বন দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, শুধু আর্থিক ক্ষতিপূরণ যথেষ্ট নয়। হাতির গতিবিধির উপর নজরদারি এবং প্রশিক্ষিত কুইক রেসপন্স টিমের স্থায়ী মোতায়েন জরুরি।
বর্তমান কোলহান বন বিভাগ এলাকায় হাতিটি ঘুরে বেড়াচ্ছে। বন দপ্তর হাতিটিকে নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
একটি মন্তব্য পোস্ট করুন