গ্রীষ্মের তীব্র গরমে হাওড়া–সাহেবগঞ্জ রুটে আর প্যাঁচপ্যাঁচে ভিড় ও অস্বস্তি নয়—যাত্রীদের আরাম বাড়াতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। দীর্ঘদিনের দাবির পর অবশেষে ১৩৪২৮/১৩৪২৭ সাহেবগঞ্জ–হাওড়া–সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেসে চালু হল শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) সিটিং কোচ।
পূর্ব রেলের মালদহ ডিভিশন জানিয়েছে, সাহেবগঞ্জ ও আশপাশের এলাকার যাত্রীদের বহুদিনের প্রত্যাশা পূরণ করতেই এই সিদ্ধান্ত। সাহেবগঞ্জ ইন্টারসিটি বলতে মূলত দুটি ট্রেনকে বোঝানো হয়—১৩৪২৮ সাহেবগঞ্জ–হাওড়া ইন্টারসিটি, যা সকালবেলা সাহেবগঞ্জ থেকে ছাড়ে, এবং ১৩৪২৭ হাওড়া–সাহেবগঞ্জ ইন্টারসিটি, যা দুপুরে হাওড়া থেকে যাত্রা শুরু করে। প্রায় ৩৫০ কিলোমিটার দীর্ঘ এই পথে ট্রেন দু’টির যাত্রা সময় গড়ে প্রায় ৭ ঘণ্টা।
ঝাড়খণ্ডের পর্যটনসমৃদ্ধ সাহেবগঞ্জের সঙ্গে হাওড়ার যোগাযোগে এই রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত। সেই কারণেই যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে আজ থেকেই এই এসি সিটিং কোচ সংযোজন করা হয়েছে। এর ফলে দৈনিক যাত্রী, অফিসযাত্রী, ছাত্রছাত্রী ও দূরপাল্লার যাত্রীদের জন্য নিরাপদ, আরামদায়ক এবং তুলনামূলক সাশ্রয়ী ভ্রমণের সুযোগ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
উল্লেখযোগ্য বিষয়, এসি সিটিং কোচ চালুর প্রথম দিনেই ট্রেনটি শতভাগ যাত্রী নিয়ে চলেছে। যা নতুন এই সুবিধার প্রতি যাত্রীদের প্রবল আগ্রহ ও ইতিবাচক সাড়ারই প্রমাণ। রেল সূত্রে আশা, এই নতুন সংযোজন সাহেবগঞ্জ–হাওড়া করিডোরে ইন্টারসিটি পরিষেবার গুরুত্ব আরও বাড়াবে এবং যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে করবে অনেকটাই উন্নত।
একটি মন্তব্য পোস্ট করুন