দিল্লি - সহ দেশের বিভিন্ন শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বড় নাশকতার আশঙ্কায়। এই প্রেক্ষিতেই ৮ জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।
তদন্তকারীদের দাবি, ধৃতরা বড় ধরনের বিস্ফোরণের পরিকল্পনা করছিল। সমাজমাধ্যমে জঙ্গি - ঘনিষ্ঠ উসকানিমূলক পোস্ট নজরে আসার পরই শুরু হয় তদন্ত। সেখান থেকেই তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের যোগসূত্র সামনে আসে।
যৌথ অভিযানে তামিলনাড়ু থেকে ছয়জন এবং পশ্চিমবঙ্গ থেকে দু'জনকে ধরা হয়। ধৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তারা তামিলনাড়ুর একটি পোশাক কারখানায় কাজ করতেন।
অভিযানে ৮টি মোবাইল ফোন ও ১৬টি সিমকার্ড উদ্ধার হয়েছে। ভুয়ো আধার কার্ড ব্যবহার করে ভারতে বসবাসের অভিযোগও উঠেছে। পাকিস্তান ও বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্ভাব্য যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন