Top News

ধর্মঘটে ছুটি নয়, নবান্নের কড়া নির্দেশ। গরহাজির হলে কাটা যাবে বেতন!

বৃহস্পতিবার দেশজুড়ে ২৪ ঘণ্টার সর্বভারতীয় ধর্মঘটের প্রেক্ষিতে রাজ্যের সমস্ত সরকারি দফতর খোলা রাখার নির্দেশ দিল নবান্ন। ধর্মঘটের দিন কাজে অনুপস্থিত থাকলে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে রাজ্য সরকার।



বুধবার বিকেলে রাজ্যের অর্থ দফতরের তরফে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১২ ফেব্রুয়ারি সমস্ত রাজ্য সরকারি অফিস এবং সরকার অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান স্বাভাবিক নিয়মেই খোলা থাকবে। ওই দিন সমস্ত কর্মচারীকে বাধ্যতামূলকভাবে কাজে যোগ দিতে হবে।

নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, ধর্মঘটের দিন কোনও কর্মী ক্যাজুয়াল লিভ (CL) বা অন্য কোনও ধরনের ছুটি নিতে পারবেন না। এমনকি অর্ধদিবস ছুটির আবেদনও গ্রাহ্য করা হবে না। যথার্থ কারণ ছাড়া অনুপস্থিত থাকলে সেই দিনকে ‘ডাইস-নন’ হিসেবে গণ্য করা হবে এবং সংশ্লিষ্ট কর্মী বেতন পাবেন না।



তবে মানবিক দিক বিবেচনা করে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। যদি কোনও কর্মী বা তাঁর পরিবারের কেউ হাসপাতালে ভর্তি থাকেন, পরিবারে শোকজনিত ঘটনা ঘটে, অথবা ১১ ফেব্রুয়ারির আগেই গুরুতর অসুস্থতার কারণে ছুটিতে থাকেন, তবে তাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। পাশাপাশি আগাম অনুমোদিত চাইল্ড কেয়ার লিভ, মাতৃত্বকালীন ছুটি, মেডিক্যাল লিভ বা অর্জিত ছুটির ক্ষেত্রেও ছাড় দেওয়া হবে। এক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।

অর্থ দফতরের নির্দেশ অনুযায়ী, ধর্মঘটের দিন যাঁরা অনুপস্থিত থাকবেন, তাঁদের প্রত্যেককে শো-কজ নোটিস পাঠাতে হবে। সন্তোষজনক জবাব ও প্রমাণ পেশ করতে না পারলে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।

সরকারি দফতরগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করে অর্থ দফতরে রিপোর্ট জমা দিতে হবে। অতিরিক্ত মুখ্যসচিবের সই করা এই স্মারক ইতিমধ্যেই বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বন্‌ধ ও ধর্মঘটের রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। জনজীবন ও প্রশাসনিক কাজ স্বাভাবিক রাখতে বারবার কড়া নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। এবারও তার ব্যতিক্রম হল না।

ধর্মঘটের দিন রাজ্য প্রশাসন কতটা সচল থাকে এবং সরকারি কর্মচারীদের উপস্থিতির হার কতটা হয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

Post a Comment

নবীনতর পূর্বতন