কলকাতার পরিচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ‘ননসেন’ নামে পরিচিত শমীক অধিকারীকে গুরুতর অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। এক তরুণীর অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে আটকে রাখা, শারীরিক নির্যাতন, শ্লীলতাহানি এবং ধর্ষণের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৬৪ নম্বর ধারা যুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগকারিণী জানান, ঘটনার সময় শমীক তাঁকে জোরপূর্বক আটকে রেখে শারীরিকভাবে হেনস্থা করেন। তরুণীর দাবি, অভিযুক্ত অনুপযুক্তভাবে স্পর্শ করেন, তাঁর পরনের পোশাক টেনে ধরেন এবং শ্লীলতাহানি করেন। কোনও একটি বিষয় নিয়ে দু’জনের মধ্যে তীব্র বচসার মধ্যেই এই ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করা হয় এবং প্রাথমিক তদন্তের পর শমীক অধিকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিস্তারিত যাচাই করতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পাশাপাশি অভিযোগকারিণীর বয়ান নথিভুক্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় শমীক অধিকারীর বিপুল জনপ্রিয়তা থাকায় এই গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নেটদুনিয়ায় বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে মামলায় আরও ধারা যোগ হতে পারে।
অভিযুক্তকে আদালতে তোলা হবে এবং পুলিশি হেফাজতের আবেদন জানানো হতে পারে বলে সূত্রের খবর। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ কোনও চূড়ান্ত মন্তব্য করতে নারাজ।

একটি মন্তব্য পোস্ট করুন