SIR আবহে এমনিতেই উত্তপ্ত গোটা পশ্চিমবঙ্গ। আর তার মধ্যেই নতুন বিপত্তি। ভোট দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশে ফেরার চেষ্টা। সীমান্ত পেরোতে গিয়ে আটক যুবক। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার অন্তর্গত আঙরাইল গদাধরপুর ঘাট এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম মোহাম্মদ মিন্টু সর্দার। তাঁর বাড়ি বাংলাদেশের খুলনা জেলার কুলিবাগান থানার দৌলতপুর এলাকায়। প্রাথমিক জেরায় মিন্টু স্বীকার করেছেন, কয়েক মাস আগে সীমান্ত পেরিয়ে তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। আর ঠিক এর পর থেকেই চুপি চুপি ভারতে ঘাঁটি গেড়ে বসেন আর আমাদের সবার সাথে মিশে নিজের কাজ চালাতে থাকেন। বেশ ভালো পরিমাণের টাকাই জমিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু শেষ অবধি দেশের টানই বিপদে ফেলল তাঁকে।
বাংলাদেশে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যে মিন্টু যাত্রা শুরু করেন আর অবশেষে সীমান্তে ধরা পড়েন। শুক্রবার গভীর রাতে সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাঁকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের সময় তিনি কোনও বৈধ পাসপোর্ট, ভিসা বা পরিচয়পত্র দেখাতে পারেননি। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়।
ধৃত যুবককে ইতিমধ্যেই বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে, তিনি সত্যিই শুধুমাত্র ভোট দেওয়ার জন্য যাচ্ছিলেন নাকি এর পিছনে অন্য কোনো বড় পাচারকারী চক্র বা গোপন কোনো উদ্দেশ্য লুকিয়ে রয়েছে। বাংলাদেশের নির্বাচনের কথা মাথায় রেখেই বর্তমানে ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ও নজরদারি কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, চলছে কড়া নজরদারি।

একটি মন্তব্য পোস্ট করুন