উত্তর ব্যারাকপুরের মণিরামপুর এলাকায় কথিত বেআইনি নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিবাদের জেরে সংঘর্ষে ৮১ বছরের তুলসী অধিকারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় রবিবার তৃণমূল কংগ্রেসের স্থানীয় কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার নির্মাণের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ চলাকালীন এই ঘটনা ঘটে। মৃতের পরিবারের অভিযোগ, কাউন্সিলর হেমন্ত অধিকারীকে মারধর করলে তাঁর বাবা তুলসী অধিকারী বাধা দিতে গেলে তাঁকে লাথি মারা হয়। ঘটনাস্থলেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করে।
অভিযোগ অস্বিকার করলেও পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে রবিবার কাউন্সিলরকে আটক করা হয়। ঘটনার পর তৃণমূল কংগ্রেস তাঁকে ছ'বছরের জন্য দল থেকে বরখাস্ত করেছে। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বলেন, অভিযুক্ত কাউকেই দল রক্ষা করবে না।
এলাকায় পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃত্যুর কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সংঘর্ষের সূত্রপাত হওয়া নির্মাণের সঙ্গে কোনও স্থানীয় নেতার যোগ ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন