দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়-এর মধ্য খড়গাছি গ্রামে রাস্তার পাশে রাখা কেমিক্যাল ভর্তি ড্রামে ভয়াবহ বিস্ফোরণে আহত ৪ নাবালক। গুরুতর অবস্থায় ৩ জনকে ভর্তি করা হয়েছে এম আর বাঙুর হাসপাতালে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের ৪ জনই গুরুতর আহত। তাদের মধ্যে একজন ৯৫ শতাংশ, একজন ৫৫ শতাংশ এবং আরেকজন ১৫ শতাংশ অগ্নিদগ্ধ। একজন ভর্তি রয়েছে স্থানীয় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে।
মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ, স্কুল ছুটির পর রাস্তার পাশে খেলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে শিশুরা। স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন ধরেই ওই এলাকায় রাস্তা মেরামতির কাজ চলছিল। আর তার জন্যেই রাস্তার ধারে ড্রাম গুলি রাখা ছিল। আর এই কেমিক্যাল ভর্তি ড্রাম থেকেই বিস্ফোরণ।
ঘটনার পর এলাকায় যান বিধায়ক সওকত মোল্লা। তবে জেলা পরিষদের দাবি, তাদের কোনো দোষ নেই। তারা কাজটি করেনি, করছে ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট অথরিটি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এত বড় ঘটনার পরেও প্রশাসন অবিলম্বে পদক্ষেপ নেয়নি। এখনও রাস্তার পাশে পড়ে রয়েছে কেমিক্যাল ভর্তি ড্রাম, যেগুলি থেকে লিক করছে রাসায়নিক। যেকোনো সময় আবারো বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে।
ফরেনসিক বিশেষজ্ঞরা বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছেন। তবে প্রশ্ন উঠছে— কিভাবে এই বিস্ফোরণ। কিভাবে আগুন লাগলো। শুধু মাত্র রোদে পরে থাকার জন্যে এই বিপত্তি নাকি এর পিছনেও রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র? এমন জনবহুল এলাকায় বিপজ্জনক রাসায়নিক খোলা অবস্থায় ফেলে রাখাই বা হলো কেন? দুর্ঘটনার আগেই প্রশাসন কেন সতর্ক হলো না? তবেকি প্রশাসন বড় কোনো দুর্ঘটনার অপেক্ষা করছিল? এই গাফিলতির দায় কে নেবে—তা নিয়েই এখন উঠছে তীব্র প্রশ্ন।

একটি মন্তব্য পোস্ট করুন