দোলের আগের দিন বড় ঘোষণা ও তীব্র রাজনৈতিক বার্তা—দুই সুরেই সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম - এ আয়োজিত অনুষ্ঠানে তিনি বেলঘরিয়া-কল্যাণী এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন। ৪৫ কিলোমিটার দীর্ঘ ছ’লেন এই সড়ক জংশন থেকে কাঁচরাপাড়ার কাঁপা মোড় হয়ে বড় জাগুলিয়া পর্যন্ত সিগন্যালহীন যাত্রার সুযোগ দেবে। পথে রয়েছে এলিভেটেড করিডর ও আন্ডারপাস, তৈরি হয়েছে ১১ কিলোমিটার জুড়ে চারটি ফ্লাইওভার, সাতটি আন্ডারপাস এবং ৫৬টি যাত্রী প্রতীক্ষালয়। প্রশাসনের দাবি, এতে উত্তর ২৪ পরগনার যাতায়াতে সময় উল্লেখযোগ্যভাবে কমবে।
তিনি একই মঞ্চে উপস্থিত থেকে এসআইআর আতঙ্কে প্রাণ হারানো এক ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন।
তবে অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে উঠে আসে ভোটার তালিকা ইস্যু। ভবানীপুরে ৬০ হাজার নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, রাজ্যজুড়ে প্রায় ১ কোটি ২০ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে সরানোর পরিকল্পনা রয়েছে। নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে পক্ষপাতদুষ্ট বলে কটাক্ষ করে তিনি বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে প্রশাসনিক পথে চাপ সৃষ্টি করা হচ্ছে। চ্যালেঞ্জ ছুঁড়ে তাঁর বার্তা, সব বাধা পেরিয়েও জয় তৃণমূলেরই হবে।

একটি মন্তব্য পোস্ট করুন