ট্রাফিক আইন ভঙ্গের ভুয়ো অভিযোগে পাঠানো একটি মেসেজের ফাঁদে পড়ে ২ লক্ষ ৪১ হাজার টাকা খুইয়েছেন ফরাক্কার এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের ইঞ্জিনিয়ার বরুণকুমার মণ্ডল। শুক্রবার তাঁর হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে, যেখানে ট্রাফিক জরিমানা দেওয়ার জন্য একটি লিঙ্ক দেওয়া ছিল। লিঙ্কটি দেখতে সরকারি পরিবহণ দপ্তরের চালানের মতো হওয়ায় তিনি সেটিতে ক্লিক করেন। কয়েক ঘণ্টা পরেই দুটি বেসরকারি ক্রেডিট কার্ড ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চার দফায় মোট ২ লক্ষ ৪১ হাজার টাকা তুলে নেয় প্রতারকরা। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত ব্যাঙ্ক অ্যাকাউন্ট লক করে ফরাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার বাসিন্দা বরুণবাবু কর্মসূত্রে প্রায় ১০ বছর ধরে ফরাক্কায় থাকেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভুয়ো লিঙ্কের মাধ্যমে এটি এক ধরনের ফিশিং বা ম্যালওয়্যার আক্রমণ, যেখানে লিঙ্কে ক্লিক করলেই মোবাইলের তথ্য ও ওটিপি প্রতারকদের কাছে পৌঁছে যায়। জঙ্গিপুর সাইবার থানার পুলিশ জানিয়েছে, যেসব অ্যাকাউন্টে টাকা গিয়েছে সেগুলি ফ্রিজ করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষকে অজানা লিঙ্ক না খোলার জন্য সতর্ক করা হয়েছে।
সংবাদ সূত্র: বর্তমান

একটি মন্তব্য পোস্ট করুন