সোশ্যাল মিডিয়ায় আইপিএস অফিসার পরিচয় দিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীর কাছ থেকে প্রায় ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জি কানহা পাত্র নামে এক যুবককে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ। ধৃতের বাড়ি ওড়িশায়। রবিবার তাকে বারাসত আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ আরও জানায়, এর আগেও প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়েছিল সে।
অভিযোগ অনুযায়ী, ফেসবুকে পরিচয়ের পর নিজের প্রোফাইলে পুলিশি উর্দি ও আইপিএস ব্যাজসহ ছবি দেখিয়ে বিশ্বাস অর্জন করে অভিযুক্ত। সেই ভরসাতেই চাকরি দেওয়ার নাম করে ধাপে ধাপে টাকা নেয়। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে শনিবার অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী, যার ভিত্তিতেই তদন্তে নেমে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।

একটি মন্তব্য পোস্ট করুন