Top News

শুটিংয়ের ফাঁকে সমুদ্রে নেমে মর্মান্তিক মৃত্যু, প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়


টলিপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। রোববার পশ্চিমবঙ্গের তালসারি সমুদ্রসৈকতে শুটিং চলাকালীন পানিতে নেমে দুর্ঘটনার শিকার হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।

জানা গেছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের জন্য পুরো ইউনিট তালসারিতে অবস্থান করছিল। শুটিং শেষে একপর্যায়ে সমুদ্রে নামেন রাহুল। কিছু সময় পর তিনি পানিতে তলিয়ে গেলে টেকনিশিয়ানরা বিষয়টি টের পান এবং দ্রুত তাকে উদ্ধার করেন।

সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করার সময় তিনি জীবিত ছিলেন। দ্রুত তাকে দিঘা হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা নিশ্চিত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে মৃত্যুর ঘটনাই ঘটেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ধারাবাহিকে তার সহশিল্পী ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, শুটিং শেষে ইউনিটের সদস্যরা বিরতিতে ছিলেন, সেই সময় ঘটনাটি ঘটে। ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।

আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে অভিনেতা দিগন্ত বাগচী বলেন, “শুটিং শেষে তিনি পানিতে নামেন। পরে হঠাৎ খবর আসে তিনি ডুবে যাচ্ছেন। দ্রুত উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।”

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় বড়পর্দায় আত্মপ্রকাশ করেন ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে। এরপর টেলিভিশন ও ওয়েব সিরিজে নিয়মিত অভিনয় করে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। সর্বশেষ তিনি ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে অভিনয় করছিলেন। এছাড়া ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজেও সম্প্রতি তাকে দেখা গেছে।

ব্যক্তিগত জীবনে অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন তিনি। তাদের একটি সন্তান রয়েছে।

তার আকস্মিক মৃত্যুতে টলিপাড়ায় নেমে এসেছে গভীর শোক। সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন