Top News

মৃত্যুর ফাঁদে লিফট! আরজি কর কাণ্ডে ময়নাতদন্তে উঠে এল শিউরে ওঠার মতো তথ্য

আরজি কর নিয়ে আবারো চাঞ্চল্যকর তথ্য। ছেলের চিকিৎসা করাতে গিয়ে লিফটে আটকে মৃত্যু। ব্যক্তির নাম অরূপ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান রোগীর পরিজনেদের একাংশ। ক্ষোভে ফেটে পড়েন আমজনতা।

R G KAR MEDICAL COLLEGE & HOSPITAL TRAUMA CENTRE 

প্রাথমিক রিপোর্টে জানা গেছে, মৃত ব্যক্তি দমদমের বাসিন্দা। ভোর ৫টা নাগাদ তিনি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের লিফটে চেপে পাঁচতলায় যাচ্ছিলেন। এবং ঠিক তার পরই লিফটে আটকে মৃত্যু হয় তাঁর। হাসপাতাল সূত্রে খবর, ঘটনার সময় নাকি লিফট পরিচালনার জন্য কেউ উপস্থিত ছিলেন না।

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেছে, আহতের শরীরে ছিল একাধিক গুরুতর আঘাত—যাকে চিকিৎসা ভাষায় বলা হয় পলিট্রমা।

রিপোর্ট অনুযায়ী, শেষ মুহূর্তে তিনি মারাত্মক ক্রাশ ইনজুরির শিকার হন। সন্দেহ করা হচ্ছে, লিফটের দরজা দু’দিক থেকে চেপে বসায় তাঁর বুক চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে পাঁজর ভেঙে খণ্ড খণ্ড হয়ে যায়, ফুসফুস ও হৃদপিণ্ডে মারাত্মক আঘাত লাগে। পাশাপাশি মস্তিষ্কেও চোট এবং আঙুলের হাড় ভেঙে যাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশের প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটির সম্ভাবনার কথা উঠে এসেছে। তবে মৃতের পরিবারের অভিযোগ, লিফটে আটকে পড়ার পর বারবার সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেনি। তাঁদের দাবি, ঘটনাস্থলে লিফটম্যান থাকলে এই দুর্ঘটনা এড়ানো যেত।

অন্যদিকে, হাসপাতালের লিফট নিয়ে আরও গুরুতর অভিযোগ উঠেছে। বহুদিন ধরেই লিফটটি খারাপ ছিল, তবুও কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি বলে দাবি রোগী ও তাঁদের পরিবারের।

এখন প্রশ্ন—এমন গাফিলতির দায় কে নেবে? বার বার সেই একই জায়গায় কেনো গণ্ডগোল? কেনো যত দুর্ঘটনা তা ঘুরে ফিরে সব শেষ পর্যন্ত আর জি করেই ঘটে? এতো বড় একটা হাসপাতালে কেনো সেই সময় কোনো লিফট পরিচালক উপস্থিত ছিলেন না? আর কবে সতর্ক হবে আর জি কর কর্তৃপক্ষ? আর কটা প্রাণ এভাবে গেলে তবে হুস ফিরবে তাদের?

Post a Comment

নবীনতর পূর্বতন