২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্রায় দু-সপ্তাহ ধরে চলা আমেরিকা এবং ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের আবহে এবার নতুন মোড় নিল। যুদ্ধ থামাতে এবার তিনটি শর্ত সামনে রাখলো তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়েছেন, এই শর্তগুলি মেনে নিতে পারলে তবেই যুদ্ধবিরতির কথা ভেবে দেখবে ইরান।
১) ইরানের বৈধ অধিকারকে স্বীকৃতি দিতে হবে,
২) যুদ্ধের ক্ষতির জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে,
৩) ভবিষ্যতে আর কোনও আগ্রাসন হবে না—এমন আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে।
এই আবহেই গতকাল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, খুব শিগগিরই যুদ্ধ শেষ হতে পারে। আর ঠিক তার পরেই ইরানের পক্ষ থেকে শর্ত সামনে আসে। যা যুদ্ধ আবহে নতুন করে জল্পনার সৃষ্টি করেছে।
তবে সব জল্পনা উড়িয়ে অন্যদিকে ইরানের সশস্ত্রবাহিনীর মুখপাত্র আবুলফজল শেকরচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকা যদি ইরানের বন্দর এলাকায় হামলা চালায়, তবে পারস্য উপসাগর সংলগ্ন কোনও বন্দর বা অর্থনৈতিক কেন্দ্রই নিরাপদ থাকবে না। এমনকি উপসাগরীয় দেশগুলির মাটি ব্যবহার করার চেষ্টার বিরুদ্ধেও কড়া সতর্কবার্তা দিয়েছে তেহরান।
এদিকে আমেরিকা ও ইজ়রায়েলের অভ্যন্তরীণ মূল্যায়নে জানা গিয়েছে, ইরানে ক্ষমতার পালাবদল বা গণঅভ্যুত্থানের কোনও স্পষ্ট ইঙ্গিত এখনও পাওয়া যায়নি। সেই প্রেক্ষাপটে পেজেশকিয়ানের এই বার্তাকে অনেকেই সম্ভাব্য কূটনৈতিক সমাধানের ইঙ্গিত হিসেবে দেখছেন। এখন প্রশ্ন একটাই—এই শর্ত মেনে কি সত্যিই যুদ্ধ থামবে? নাকি যুদ্ধ আরো ভয়াবহ পরিস্থিতি নিতে চলেছে!


একটি মন্তব্য পোস্ট করুন