Top News

একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতির প্রস্তাব মার্কিন কংগ্রেসে


বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর চালানো হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব উঠেছে মার্কিন কংগ্রেসে। শুক্রবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে প্রস্তাবটি উত্থাপন করেন ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান।

ওহাইও অঙ্গরাজ্য থেকে নির্বাচিত এই আইনপ্রণেতা প্রস্তাবে উল্লেখ করেন, ১৯৭১ সালের ২৫ মার্চ শুরু হওয়া ‘অপারেশন সার্চলাইট’-এর সময় পাকিস্তানি সামরিক বাহিনী এবং তাদের সহযোগীরা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়, যা জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী গণহত্যার শামিল।

প্রস্তাব উপস্থাপনের সময় ল্যান্ডসম্যান বলেন, “পাকিস্তানের সামরিক বাহিনীর ১৯৭১ সালের অভিযান জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী গণহত্যা। অনেক আগেই এ ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত ছিল।”


প্রস্তাবে আরও বলা হয়, ওই সময় সব ধর্ম ও জাতিগোষ্ঠীর বাঙালিরা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হন। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর পরিকল্পিতভাবে নিপীড়ন চালানো হয়, যা গণহত্যার অংশ হিসেবে বিবেচিত।


এছাড়া হত্যাযজ্ঞে সহযোগিতার অভিযোগে জামায়াতে ইসলামীকে বিচারের আওতায় আনার কথাও প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং একাত্তরের গণহত্যা নিয়ে একটি শুনানি অনুষ্ঠিত হয়। ‘হিন্দু অ্যাকশন’ নামের একটি সংগঠন ওই আয়োজন করে।

পর্যবেক্ষকদের মতে, কংগ্রেসে এই প্রস্তাব উত্থাপন আন্তর্জাতিক অঙ্গনে একাত্তরের ঘটনাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। তবে প্রস্তাবটি পাস হবে কি না, তা নির্ভর করছে কংগ্রেসের পরবর্তী কার্যক্রমের ওপর।

Post a Comment

নবীনতর পূর্বতন