Top News

কলকাতা মেট্রোতে কড়াকড়ি বাড়ল, নিষিদ্ধ সামগ্রীর তালিকা প্রকাশ


যাত্রী নিরাপত্তা জোরদার করতে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ নতুন করে নিষিদ্ধ সামগ্রীর একটি বিস্তারিত তালিকা প্রকাশ করেছে। সম্প্রতি জারি করা এই নির্দেশনায় মেট্রো যাত্রার সময় নির্দিষ্ট কিছু বিপজ্জনক, দাহ্য ও অস্বাস্থ্যকর বস্তু বহনে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মেট্রো কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, কাঁচা মাংস ও মাছ, সিলবিহীন চারাগাছ কিংবা দুর্গন্ধযুক্ত বা সংক্রমণ ছড়াতে পারে—এমন কোনো বস্তু মেট্রোতে বহন করা যাবে না। একই সঙ্গে যেকোনো ধরনের ধারালো অস্ত্র, যেমন তরবারি, বড় ছুরি বা মাংস কাটার সরঞ্জাম এবং চার সেন্টিমিটারের বেশি ফলার ছুরি বা কাঁচিও নিষিদ্ধ তালিকায় রাখা হয়েছে।

এছাড়া বিস্ফোরক সামগ্রী যেমন ডিনামাইট, বাজি, গ্রেনেড বা প্লাস্টিক বিস্ফোরক বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে কুড়াল, শাবল, হাতুড়ি, করাত, স্ক্রু-ড্রাইভারসহ বিভিন্ন ভারী যন্ত্রপাতি বহনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পেট্রোল, মদসহ যেকোনো দাহ্য তরল, বড় ব্যাটারি, বিষাক্ত রাসায়নিক পদার্থ, অ্যাসিড কিংবা কাঁদানে গ্যাস বহন করা যাবে না। পাশাপাশি মৃতদেহ, কঙ্কাল, মানুষের শরীরের অংশ বা প্রাণীর দেহাংশ পরিবহনও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের নিরাপত্তা, স্বাস্থ্য ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী মেট্রো ব্যবহার করায় নিরাপত্তা ঝুঁকি এড়াতে এ ধরনের পদক্ষেপ জরুরি হয়ে উঠেছে।

নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি যাত্রীদের সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন স্টেশনেও প্রচার চালানো হচ্ছে।

কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে, যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করা যায়।

Post a Comment

নবীনতর পূর্বতন