Top News

SIR ধাক্কা: ভোটার তালিকা থেকে বাদ তৃণমূল পঞ্চায়েত প্রধানের নাম

এসআইআর-র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই রাজনৈতিক তরজা তুঙ্গে। এরইমধ্যে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে পূর্ব বর্ধমানে। কালনা থানার হাটকালনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান শ্রাবন্তী মণ্ডলের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। এর আগেই তাঁকে বাংলাদেশি বলে অভিযোগ তুলেছিল বিজেপি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন শ্রাবন্তী।



বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুমন ঘোষ দাবি করেছেন, তাঁদের অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত হয়েছে এবং আগামী দিনে তাঁর প্রধানের পদ খারিজের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হবেন তাঁরা। একই সুরে দলের সহ সভাপতি ধনঞ্জয় হালদারও অভিযোগ করেন, ভুয়ো নথি ও জাল এসসি সার্টিফিকেটের মাধ্যমে তিনি পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছিলেন। এই বিষয়ে কালনার মহকুমাশাসকের কাছেও লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে খবর।

অন্যদিকে পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের মেড়তলা পঞ্চায়েতের প্রধান সন্তোষী দাসের নামও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে।

এই প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, কেন নাম বাদ গেল তা খতিয়ে দেখা হবে, এরপর দল সিদ্ধান্ত নেবে।

প্রসঙ্গত, এসআইআর প্রক্রিয়ায় এখনও পর্যন্ত মোট ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম। অন্যদিকে প্রায় ১ লক্ষ ৯০ হাজার নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে। প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, আরও ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম বিচারাধীন রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে ‘নো-ম্যাপিং’ বা তথ্যগত অসঙ্গতির কারণে শুনানির নির্দেশ দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই সব নামের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

বিধানসভা ভোটের মনোনয়নের শেষ দিন পর্যন্ত ধাপে ধাপে সংশোধিত তালিকা প্রকাশের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। 

এখন দেখার বিষয় এত বড় সংখ্যায় নাম বাদ পড়লে আসন্ন বিধানসভা নির্বাচনে তার প্রভাব ঠিক কতটা হতে পারে?

Post a Comment

নবীনতর পূর্বতন