লেন্সকার্টকে ঘিরে সম্প্রতি একটি বিতর্ক সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তৈরি করেছে। একটি তথাকথিত অভ্যন্তরীণ নথির স্ক্রিনশট ভাইরাল হওয়ার পরই এই বিতর্কের সূত্রপাত। ওই স্ক্রিনশটে দাবি করা হয় যে, কোম্পানি হিজাব পরার অনুমতি দিলেও কর্মচারীদের বিন্দি, তিলক এবং কালাওয়া মতো হিন্দু ধর্মীয় চিহ্ন পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এই অভিযোগ সামনে আসতেই নেটমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। #BoycottLenskart হ্যাশট্যাগ দ্রুত ট্রেন্ড করতে শুরু করে এবং বহু ব্যবহারকারী কোম্পানির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি কিছু সংগঠন, যেমন বজরং দলের কর্মীরাও এর প্রতিবাদে সরব হন।
বিতর্কের জেরে অবশেষে মুখ খুলেছেন পিয়ুষ বনসাল, যিনি Lenskart-এর প্রতিষ্ঠাতা ও সিইও। তিনি জানান, যে নথিটি ভাইরাল হয়েছে তা পুরনো এবং কোম্পানির বর্তমান নীতিকে প্রতিফলিত করে না। তাঁর দাবি, সংস্থার উদ্দেশ্য কখনোই কোনো ধর্মীয় অনুভূতিকে আঘাত করা নয়।
পরিস্থিতি সামাল দিতে লেন্সকার্ট একটি নতুন ‘ইন-স্টোর স্টাইল গাইড’ প্রকাশ করেছে। এই নতুন নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে যে, কর্মচারীরা বিন্দি, তিলক, সিঁদুর, কালাওয়া, হিজাব এবং পাগড়ি সহ সমস্ত ধর্মীয় ও সাংস্কৃতিক চিহ্ন স্বাধীনভাবে ব্যবহার করতে পারবেন।
এই ঘটনার পর লেন্সকার্ট তাদের অবস্থান স্পষ্ট করে জানালেও, সোশ্যাল মিডিয়ায় এই বিতর্ক নিয়ে আলোচনা এখনও অব্যাহত রয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন