পশ্চিমবঙ্গের হাইভোল্টেজ নির্বাচনী প্রচার শেষ করেই একেবারে ভিন্ন মেজাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে সিকিমের গ্যাংটকে স্থানীয় তরুণ ফুটবলারদের সঙ্গে মাঠে নেমে ফুটবল খেলায় অংশ নেন তিনি। প্রধানমন্ত্রীর এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি মুহূর্তেই উচ্ছ্বাস ছড়ায় স্থানীয়দের মধ্যে।
দুই দিনের সিকিম সফরে থাকা মোদীকে নীল স্পোর্টস জ্যাকেট পরে তরুণদের সঙ্গে মাঠে হাঁটতে এবং ড্রিবলিং করতে দেখা যায়। নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি সমাজমাধ্যমে লেখেন, “সিকিমের গ্যাংটকের মনোরম সকালে তরুণ বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার আনন্দই আলাদা। এই ফুটবল সেশনটি সত্যিই অত্যন্ত উদ্দীপনাময় ছিল”।
প্রধানমন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য সিকিমের ৫০তম রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে যোগদান। সোমবার গ্যাংটকে পৌঁছে তিনি রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান এবং উন্নয়নের রূপরেখা তুলে ধরেন। নির্ধারিত সূচি অনুযায়ী, তিনি প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন, যা অবকাঠামো, সংযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, নগরোন্নয়ন, পর্যটন ও কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত।
এছাড়াও, তিনি স্বর্ণজয়ন্তী মৈত্রী মঞ্জরি পার্কে নির্মিত বিশ্বমানের অর্কিড প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করবেন এবং পালজোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। সফরের অংশ হিসেবে সিকিমের পদ্ম পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে বৈঠক করেন এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতী ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, এর আগে পশ্চিমবঙ্গের প্রচারপর্বের শেষ দিনে এক বার্তায় মোদী জানান, টানা সভা ও রোড শো করলেও তিনি ক্লান্তি অনুভব করেননি। তিনি বলেন, মানুষের আশীর্বাদ ও মা কালী ভক্তদের শক্তিই তাঁকে অনুপ্রাণিত করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিকিমে তরুণদের সঙ্গে ফুটবল খেলার মাধ্যমে প্রধানমন্ত্রী একদিকে যেমন ‘ফিট ইন্ডিয়া’র বার্তা তুলে ধরেছেন, তেমনি যুবসমাজের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনেরও চেষ্টা করেছেন। পাহাড়ি সকালের সেই প্রাণবন্ত দৃশ্য তাঁর ব্যস্ত রাজনৈতিক জীবনের মাঝেও এক সতেজ মুহূর্ত হিসেবে ধরা পড়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন