ছবি: ইন্টারনেট
কলকাতায় ইডি-র দফতরে বুধবার হাজিরা দিলেন অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ নুসরত জাহান। রাজারহাটের একটি আবাসন প্রকল্পে ফ্ল্যাট প্রতারণার অভিযোগে তাঁকে তলব করা হয়েছিল বলে ইডি সূত্রে জানা গিয়েছে।
বুধবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন নুসরত। তাঁর সঙ্গে ছিলেন স্বামী ও অভিনেতা যশ দাশগুপ্ত ।গাড়ি থেকে নেমে কোনও মন্তব্য না করেই তিনি সোজা ইডি দফতরের ভিতরে প্রবেশ করেন। তদন্ত সংস্থার এক আধিকারিক জানান, “চলমান আবাসন প্রতারণা মামলার তদন্তে নতুন কিছু তথ্য সামনে এসেছে। সেই কারণেই তাঁকে আবার ডেকে পাঠানো হয়েছে।”
ইডি সূত্রে খবর, এর আগেও একই মামলায় বসিরহাটের প্রাক্তন সাংসদ নুসরত জাহানকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। কেন্দ্রীয় সংস্থা অভিযোগ খতিয়ে দেখছে এবং আর্থিক লেনদেনের নথি পরীক্ষা করছে।
অভিযোগ, ২০১৪-১৫ সালে একটি সংস্থা রাজারহাট এলাকায় ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৪০০-রও বেশি প্রবীণ নাগরিকের কাছ থেকে মাথাপিছু প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা করে নেয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অধিকাংশ ক্রেতা ফ্ল্যাট পাননি, এমনকি টাকা ফেরতও মেলেনি বলে দাবি। এর জেরেই প্রতারণার অভিযোগ দায়ের হয় এবং তদন্তে নামে ইডি।
তদন্তকারীদের মতে, গত কয়েক মাসে উঠে আসা নতুন তথ্য ও আর্থিক লেনদেনের খতিয়ান যাচাই করতেই নুসরত জাহানের উপস্থিতি প্রয়োজন হয়েছিল। তবে এ বিষয়ে তিনি প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি।
ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তদন্তের অগ্রগতির উপরই নির্ভর করছে মামলার পরবর্তী পদক্ষেপ।

একটি মন্তব্য পোস্ট করুন