হুগলির পাণ্ডুয়ায় নির্বাচনী জনসভা থেকে তীব্র রাজনৈতিক বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে বিজেপিকে নিশানা করে তিনি অভিযোগ করেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ভোটারদের প্রভাবিত করতে আর্থিক প্রলোভনের পথে হাঁটছে।
কড়া রোদ উপেক্ষা করে প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর বিকেল সাড়ে চারটে নাগাদ পাণ্ডুয়ার কোহিনূর রাইস মিলের মাঠে পৌঁছন তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখেই উচ্ছ্বাসে ভরে ওঠে উপস্থিত জনতা। পাণ্ডুয়া বিধানসভার তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তীর সমর্থনে আয়োজিত এই সভায় তিনি কর্মীদের উৎসাহ দিতে বেশ কিছু বক্তব্য রাখেন। বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি দলীয় কর্মীদের কিছু কৌশলী পরামর্শও দেন।
জনসভা থেকে কর্মীদের উদ্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি এখন ভোটের মুখে টাকার প্রলোভন দেবে। আমি আপনাদের হাত জোড় করে বলছি, যদি ওরা টাকা দেয়, তা অবশ্যই নিয়ে নেবেন। এই টাকা কারও পৈতৃক সম্পত্তি নয়, সাধারণ মানুষেরই টাকা।”একইসঙ্গে তিনি আরও বলেন , "মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলা আলাদা, আর আমার ফর্মুলা সম্পূর্ণ আলাদা। ওরা যে ভাষা বোঝে, ওদের সেই ভাষাতেই জবাব দিতে হবে"। সভা থেকে তিনি আরও বলেন, "পদ্মফুলের থেকে টাকা নেবেন জোড়াফুলে ভোট দেবেন।ওদের সর্বস্বান্ত করবেন, লেজে-গোবরে করে উচিত শিক্ষা দেবেন।”

একটি মন্তব্য পোস্ট করুন