Top News

"ভারত ভুলে যায় না’’—পহেলগাম হামলার বর্ষপূর্তির আগে সন্ত্রাসবাদীদের কড়া বার্তা সেনার

 


পহেলগাম জঙ্গি হামলার প্রথম বার্ষিকীতে গোটা কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক না ছড়িয়ে নজরদারি বাড়ানো হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। পুলওয়ামা, অবন্তিপোরা এবং শ্রীনগরের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে একাধিক উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক করছেন শীর্ষ কর্তারা।

এই আবহেই মঙ্গলবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে ভারতীয় সেনা। ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে সেনা জানায়, “যখন মানবিকতার সীমা লঙ্ঘিত হয়, তখন তার জবাব হয় চূড়ান্ত" ন্যায়বিচার নিশ্চিত হয়।ভারত ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আছে।” পোস্টের সঙ্গে ‘অপারেশন সিন্দুর’-এর উল্লেখ করে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—“কিছু সীমা কখনও অতিক্রম করা উচিত নয়, ভারত ভুলে যায় না।”

২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে, ভারতীয় সশস্ত্র বাহিনী ৬-৭ মে ২০২৫-এর মাঝরাতে ‘অপারেশন সিন্দুর’ চালায়। এই সুসমন্বিত অভিযানে ভারতীয় বাহিনী পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অবস্থিত মোট ৯টি সন্ত্রাসবাদী শিবিরে নিখুঁতভাবে হামলা চালায়। এতে ১০০-রও বেশি জঙ্গি, তাদের প্রশিক্ষক, হ্যান্ডলার এবং সহযোগীরা নিহত হয়। নিহতদের মধ্যে অধিকাংশই জইশ-ই-মোহাম্মদ, লস্কর-ই-তইবা এবং হিজবুল মুজাহিদিন সংগঠনের সঙ্গে যুক্ত ছিল।

বর্তমানে বর্ষপূর্তির আগে উপত্যকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থাকে আরও আঁটসাঁট করা হয়েছে। পুলওয়ামায় ডিআইজি জাভেদ ইকবাল মাট্টু সন্ত্রাসদমন অভিযান ও গোয়েন্দা তথ্য আদান-প্রদানের উপর জোর দিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেছেন। অন্যদিকে, শ্রীনগরের এসএসপি জি ভি সন্দীপ চক্রবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন।

সব মিলিয়ে, পহেলগাম হামলার স্মৃতি এখনও তাজা থাকায় বর্ষপূর্তিকে ঘিরে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ও নিরাপত্তাবাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

Post a Comment

নবীনতর পূর্বতন