একসঙ্গে খাওয়া, গল্প—তার মাঝেই হঠাৎ ঝগড়া। আর সেই ঝগড়াই মুহূর্তে বদলে দিল সবকিছু।
গুজরাতের দ্বারকা জেলায় টাকার বিবাদ থেকে বন্ধুকে খুনের অভিযোগে গ্রেপ্তার এক যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম সন্তোষ গোয়ালা, বয়স ২২। কাজের সূত্রে গুজরাতে থাকতেন, পেশায় ছিলেন গাড়ি চালক।
অভিযোগ, ঘটনার দিন বন্ধু রামনরেশের সঙ্গে পুকুরের ধারে বসে খাচ্ছিলেন দু’জনে। সব ঠিকই চলছিল, হঠাৎ খাবারের দাম নিয়ে শুরু হয় তর্ক। আর সেই তর্ক থেকেই কথা কাটাকাটি, মারামারি।
রাগের মাথায় রামনরেশ নাকি সন্তোষকে পুকুরে ঠেলে ফেলে দেয়। সেখানেই থামেনি, এরপর পাথর ছুঁড়ে আঘাত করা হয় তাকে। আর তাতেই মৃত্যু হয় সন্তোষের।
ঘটনার পর সত্যিটা ঢাকতে চেষ্টা করে অভিযুক্ত। পরিবারের কাছে ফোন করে বলে, কাজের হতাশায় নাকি নিজেই আত্মহত্যা করেছে সন্তোষ।
কিন্তু সেই গল্পে ফাঁক খুঁজে পান মৃতের দাদা। সন্দেহ থেকেই পৌঁছে যান পুলিশের কাছে। তদন্তে নামে পুলিশ। ধরা পড়ে রামনরেশ। জেরার মুখে ভেঙে পড়ে সে, স্বীকার করে নেয় পুরো ঘটনা।
পুলিশ জানিয়েছে, এর আগেও টাকার জন্য দু’জনের মধ্যে ঝামেলা হয়েছিল।
একটা সামান্য টাকা নিয়ে শুরু, আর শেষটা এক তরুণের মৃত্যু। বন্ধুত্বের মুখোশ খুলে সামনে এল ভয়ংকর সত্য।

একটি মন্তব্য পোস্ট করুন