Top News

বাইক নিষেধাজ্ঞা নিয়ে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি খারিজ করল কলকাতা হাই কোর্ট।




বাইক নিষেধাজ্ঞা নিয়ে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি খারিজ করল কলকাতা হাই কোর্ট। শুনানিতে আদালতের প্রশ্ন ছিল, কোন আইনের ভিত্তিতে এই নির্দেশ জারি করা হয়েছে—যার স্পষ্ট জবাব দিতে পারেনি নির্বাচন কমিশন।
কমিশনের দাবি ছিল, ভারতীয় সংবিধানের ৩২৪ ধারা অনুযায়ী অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে তাদের এই সিদ্ধান্ত। তবে আদালতের পর্যবেক্ষণ, নিরাপত্তার যুক্তি থাকলেও তিন দিন আগে থেকে বাইক চলাচলে নিষেধাজ্ঞা অযৌক্তিক। প্রয়োজন হলে নির্দিষ্ট এলাকায় কড়া নজরদারি করলেই যথেষ্ট।
আবেদনকারী পক্ষের দাবি, কমিশন এই নির্দেশের আইনি ভিত্তি দেখাতে পারেনি এবং এর আগে একই ধরনের সিদ্ধান্ত মাদ্রাজ হাইকোর্ট ও গুজরাট হাইকোর্ট-এও খারিজ হয়েছে।
সব দিক বিবেচনা করে আদালত জানায়, জনসুরক্ষা গুরুত্বপূর্ণ হলেও সাধারণ মানুষের চলাচলে অযথা ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা যায় না।

নতুন নির্দেশ অনুযায়ী, ভোটের ৭২ ঘণ্টা আগে বাইক বন্ধের নিয়ম থাকছে না। তবে ভোটের দিনের ১২ ঘণ্টা আগে থেকে জরুরি প্রয়োজন ছাড়া মোটরসাইকেলে পিছনে যাত্রী তোলা যাবে না। চিকিৎসা, পারিবারিক অনুষ্ঠান ও ছাত্রছাত্রীদের যাতায়াতে ছাড় থাকবে। ভোটের দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবারকে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া ও জরুরি প্রয়োজনে বাইক ব্যবহার করা যাবে।

তবে Uber, Ola ও Swiggy-র কর্মীরা এই ছাড় পাবেন না, এবং অফিসে যাতায়াতে পরিচয়পত্র বাধ্যতামূলক।
একইসঙ্গে আদালত জানায়, নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে থেকে মোটরসাইকেল র‍্যালি নিষিদ্ধ থাকবে। সহিংসতা রুখতে নিয়ন্ত্রণ প্রয়োজন হলেও, সাধারণ মানুষের ব্যক্তিগত যান চলাচল সম্পূর্ণ বন্ধ করা ঠিক নয় বলেই মত আদালতের।

Post a Comment

নবীনতর পূর্বতন